উচ্চশিক্ষা ব্যবস্থাকে কর্মসংস্থান উপযোগী করে গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

আপডেট : ২৮ নভেম্বর ২০২৬, ১৪:১৮

উচ্চশিক্ষার প্রচলিত কাঠামোতে পরিবর্তন এনে প্রযুক্তিনির্ভর, উদ্ভাবনমুখী ও কর্মসংস্থান সহায়ক শিক্ষাব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ জন্য শিক্ষার্থীদের ব্যবহারিক ও কারিগরি দক্ষতা বাড়ানোর পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে শিল্পপ্রতিষ্ঠানের যোগাযোগ জোরদার, ইন্টার্নশিপ ও শিক্ষানবিশ কর্মসূচি সম্প্রসারণ এবং একাধিক ভাষা শেখার সুযোগ তৈরির ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।

শনিবার (২৮ নভেম্বর) মিরপুর জাতীয় স্টেডিয়ামে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলন-২০২৬-এ প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। সম্মেলনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ২৩ শতাধিক কলেজের অধ্যক্ষরা অংশ নেন।

প্রধানমন্ত্রী বলেন, শুধু সার্টিফিকেটনির্ভর শিক্ষিত মানুষের সংখ্যা বাড়িয়ে বেকারত্ব কমানো সম্ভব নয়। অর্জিত জ্ঞানকে কর্মক্ষেত্রের উপযোগী দক্ষতায় রূপান্তর করতে হবে। এক্ষেত্রে শিক্ষাপ্রতিষ্ঠান, শিল্পপ্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের মধ্যে কার্যকর সংযোগ গড়ে তোলার বিকল্প নেই।

অধ্যক্ষদের ভূমিকার গুরুত্ব তুলে ধরে তারেক রহমান বলেন, একটি কলেজের অধ্যক্ষের দায়িত্ব কেবল প্রশাসনিক কার্যক্রম পরিচালনার মধ্যে সীমাবদ্ধ নয়। তিনি প্রতিষ্ঠানের নেতৃত্ব দেন, নৈতিক দিকনির্দেশনা দেন এবং একাডেমিক কার্যক্রমের মূল চালিকাশক্তি হিসেবে কাজ করেন। নতুন প্রজন্মের ভবিষ্যৎ গঠনে অধ্যক্ষদের যোগ্যতা, প্রজ্ঞা, সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা ও দূরদর্শিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

তিনি বলেন, শহর ও গ্রামের মানুষের জন্য উচ্চশিক্ষার সুযোগ বিস্তারের উদ্দেশ্যে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ১৯৯২ সালের ২১ অক্টোবর জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন। বর্তমানে বিশ্ববিদ্যালয়টির অধিভুক্ত কলেজের সংখ্যা প্রায় আড়াই হাজার। তবে প্রতিষ্ঠান ও শিক্ষার্থীর সংখ্যা বাড়লেও শিক্ষার গুণগত মান প্রত্যাশিত মাত্রায় উন্নীত হয়েছে কি না, সে প্রশ্ন রয়ে গেছে।

প্রধানমন্ত্রী বলেন, ফ্যাসিবাদী শাসনামলে দেশের অন্যান্য খাতের মতো শিক্ষাব্যবস্থাও ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে সবাইকে সঙ্গে নিয়ে শিক্ষাব্যবস্থার পুনর্গঠন করতে হবে। এ ব্যবস্থাকে আধুনিক ও সময়ের চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করতে সরকার পরিকল্পনা ও বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নে কাজ করছে। তবে এসব পরিবর্তন কার্যকর করার ক্ষেত্রে কলেজের অধ্যক্ষদের নেতৃত্ব দিতে হবে।

শিক্ষক প্রশিক্ষণ ও প্রযুক্তিনির্ভর শিক্ষা
প্রযুক্তির দ্রুত পরিবর্তনের সঙ্গে শিক্ষকদের দক্ষ করে তুলতে প্রশিক্ষণের ওপর জোর দেন প্রধানমন্ত্রী। তার মতে, প্রচলিত শিক্ষকনির্ভর পাঠদানের পরিবর্তে শিক্ষার্থীকেন্দ্রিক ও গবেষণাভিত্তিক শিক্ষা পদ্ধতি চালু করা প্রয়োজন। এ ক্ষেত্রে প্রয়োজনে ‘ট্রেন দ্য ট্রেইনার’ কর্মসূচি কার্যকর ভূমিকা রাখতে পারে।

তিনি সতর্ক করে বলেন, শিক্ষক ও শিক্ষার্থীরা আধুনিক প্রযুক্তিনির্ভর শিক্ষার সঙ্গে নিজেদের মানিয়ে নিতে না পারলে প্রতিবছর সনদধারী মানুষের সংখ্যা বাড়বে, কিন্তু বেকারত্বের পরিস্থিতির উন্নতি হবে না। একাডেমিক জ্ঞানের পাশাপাশি ব্যবহারিক ও কারিগরি দক্ষতা অর্জনের ঘাটতি শিক্ষিত জনগোষ্ঠীর মধ্যে বেকারত্বের অন্যতম কারণ।

চতুর্থ শিল্পবিপ্লবের প্রেক্ষাপট তুলে ধরে তারেক রহমান বলেন, বিশ্বের অর্ধেক মানুষ এখনো তৃতীয় শিল্পবিপ্লবের সুযোগ-সুবিধা পুরোপুরি পায়নি। এর মধ্যেই বিশ্ব চতুর্থ শিল্পবিপ্লবের যুগে প্রবেশ করেছে। তাই উচ্চশিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে পুরোনো শিক্ষাধারা থেকে বেরিয়ে প্রযুক্তি, উদ্ভাবন ও দক্ষতাভিত্তিক কর্মমুখী শিক্ষা চালু করতে হবে।

কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোটিকস, বিগ ডেটা, ইন্টারনেট অব থিংস, ব্লকচেইন, অটোমেশন, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, বায়োটেকনোলজি, সাইবার নিরাপত্তা ও পঞ্চম প্রজন্মের ওয়্যারলেস প্রযুক্তির মতো উদ্ভাবন ভবিষ্যতের কর্মক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন আনছে বলে উল্লেখ করেন তিনি। এসব প্রযুক্তির কারণে কিছু প্রচলিত পেশার চাহিদা কমে যাচ্ছে, আবার একই সঙ্গে নতুন কর্মক্ষেত্রও তৈরি হচ্ছে।

প্রধানমন্ত্রীর ভাষায়, শিক্ষা মানুষকে শক্তি জোগায়, আর নির্দিষ্ট লক্ষ্য সেই শক্তিকে সাফল্যের পথে পরিচালিত করে। লক্ষ্য ছাড়া শিক্ষা দিকনির্দেশনাহীন যাত্রার মতো। তাই শিক্ষার মাধ্যমে অর্জিত জ্ঞানকে চাকরি ও পেশাগত জীবনের প্রয়োজনীয় দক্ষতায় রূপ দিতে হবে। এ জন্য শিল্পপ্রতিষ্ঠান ও শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতা বা ইন্ডাস্ট্রি-একাডেমিয়া কোলাবোরেশন অপরিহার্য।

শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে দেড় হাজারের বেশি সমঝোতা স্মারক
শিক্ষা ও শিল্পখাতের সমন্বয়ের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করে প্রধানমন্ত্রী বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান জ্ঞানের ভিত্তি তৈরি করবে, আর শিল্পপ্রতিষ্ঠান সেই জ্ঞানকে বাস্তব কাজের দক্ষতায় রূপ দেওয়ার সুযোগ করে দেবে। এর মধ্য দিয়ে শিক্ষার্থীরা ভবিষ্যতের উদ্ভাবক, উদ্যোক্তা ও অর্থনৈতিক অগ্রগতির অংশীদার হয়ে উঠবে। শ্রেণিকক্ষ হবে জ্ঞান ও উদ্ভাবনের ক্ষেত্র, গবেষণাগার নতুন সম্ভাবনা তৈরির জায়গা এবং শিল্পপ্রতিষ্ঠান হবে হাতে-কলমে শেখার কার্যকর কেন্দ্র।

তিনি জানান, উচ্চশিক্ষাকে কর্মক্ষেত্রের চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করতে সরকার শিক্ষানবিশ কর্মসূচি, ইন্টার্নশিপ এবং শিল্প-একাডেমিয়া সহযোগিতা বাড়ানোর উদ্যোগ নিয়েছে। গত কয়েক মাসে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে দেড় হাজারের বেশি সমঝোতা স্মারক সইয়ের বিষয়টি চূড়ান্ত হয়েছে।

অধ্যক্ষ সম্মেলনে শিল্পোদ্যোক্তা ও চাকরিদাতা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের উপস্থিতিকে এসব উদ্যোগের বাস্তব প্রতিফলন হিসেবে উল্লেখ করেন তিনি। কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলোকে উদ্ভাবন, উদ্যোক্তা তৈরি, প্রযুক্তির বিকাশ এবং নতুন ব্যবসায়িক উদ্যোগের কেন্দ্র হিসেবে গড়ে তোলার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

এ উদ্দেশ্যে শিল্পপ্রতিষ্ঠানের অভিজ্ঞ ও দক্ষ কর্মকর্তাদের অতিথি শিক্ষক হিসেবে কলেজ-বিশ্ববিদ্যালয়ে পাঠদানের সুযোগ দেওয়ার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে অধ্যক্ষ ও উপাচার্যদের প্রতি আহ্বান জানান তিনি। পাশাপাশি শিক্ষার্থীদের ইন্টার্নশিপ, ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট এবং বাস্তব কর্মপরিবেশে হাতে-কলমে প্রশিক্ষণের ব্যবস্থা করতে শিল্পোদ্যোক্তাদেরও এগিয়ে আসতে বলেন।

তারেক রহমান বলেন, শিক্ষাজীবনেই লক্ষ্য অনুযায়ী কাজের দক্ষতা ও অভিজ্ঞতা অর্জনের সুযোগ পেলে শিক্ষার্থীরা স্নাতক শেষ করে শুধু চাকরির অপেক্ষায় থাকবেন না। বরং নিজেদের উদ্যোগে ব্যবসা বা প্রতিষ্ঠান গড়ে তুলে অন্যদের জন্যও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারবেন।

বহুভাষা শিক্ষা ও ক্যারিয়ার কাউন্সেলিংয়ের ওপর গুরুত্ব
প্যুক্তিগত ও পেশাগত দক্ষতার পাশাপাশি শিক্ষার্থীদের মানবিক জ্ঞান ও মূল্যবোধ বিকাশের ওপরও গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, নৈতিকতাসম্পন্ন কর্মমুখী শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে হবে। তবে শিক্ষার উদ্দেশ্য কেবল চাকরির প্রস্তুতির মধ্যে সীমাবদ্ধ রাখা উচিত নয়।

সাহিত্য, দর্শন, ইতিহাস, বিজ্ঞান, সমাজবিজ্ঞান ও সংস্কৃতিচর্চার মাধ্যমে শিক্ষার্থীদের মানবিক মূল্যবোধ, সৃজনশীলতা, যুক্তিবোধ এবং নেতৃত্বের গুণাবলি বিকশিত করার কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী আরও বলেন, শিক্ষাব্যবস্থার পরিকল্পনা ও উদ্যোগের সুফল পেতে একাধিক ভাষা শেখার সুযোগ বাড়ানো প্রয়োজন। আন্তর্জাতিক যোগাযোগের ক্ষেত্রে ইংরেজির পাশাপাশি আরবি, ম্যান্ডারিন, জাপানি, কোরীয়, ফরাসি, জার্মান ও ইতালীয়সহ বিশ্বব্যাপী চাহিদাসম্পন্ন বিভিন্ন ভাষা শেখার ব্যবস্থা করতে হবে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত প্রতিটি কলেজে ক্যারিয়ার কাউন্সেলিং, ইন্টার্নশিপ, দক্ষতা উন্নয়ন, ভাষা ক্লাব এবং উদ্যোক্তা তৈরির কার্যক্রম আরও সম্প্রসারণের আহ্বান জানান তিনি।

শিক্ষকসংকট নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপের তাগিদ
শিক্ষাব্যবস্থার উন্নয়নের পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষকদের স্বার্থ রক্ষার বিষয়েও সরকারের গুরুত্ব রয়েছে বলে জানান তারেক রহমান।

তিনি বলেন, কলেজের শিক্ষা কার্যক্রম নির্বিঘ্ন রাখতে প্রতিষ্ঠানভিত্তিক শিক্ষকসংকট চিহ্নিত করতে হবে। পাশাপাশি শূন্যপদ পূরণ, প্রয়োজন অনুযায়ী শিক্ষক নিয়োগ ও পদায়ন এবং শিক্ষকদের প্রশিক্ষণ ও পেশাগত দক্ষতা বাড়ানোর উদ্যোগ নিতে হবে।

এ লক্ষ্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ), জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সমন্বয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে শিক্ষা মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। কাঙ্ক্ষিত শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে শিক্ষক ও শিক্ষাপ্রতিষ্ঠানের স্বার্থ সংরক্ষণ জরুরি বলেও মন্তব্য করেন তিনি।

কলেজে সৌরবিদ্যুৎ স্থাপনের আহ্বান
শিক্ষাপ্রতিষ্ঠানে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর ওপরও গুরুত্ব দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, সরকার ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনে উৎসাহ দিচ্ছে। জাতীয় বিশ্ববিদ্যালয়সহ দেশের যেসব কলেজের ছাদ সৌরবিদ্যুৎ স্থাপনের উপযোগী, সেসব প্রতিষ্ঠানে এ ব্যবস্থা চালুর উদ্যোগ নিতে হবে।

একই সঙ্গে কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের নিজেদের বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান তিনি।

শিক্ষাপ্রতিষ্ঠানে দলাদলি ও গোষ্ঠীদ্বন্দ্ব বন্ধের আহ্বান
শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশ, শৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখার প্রয়োজনীয়তার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, কলেজগুলোকে দলাদলি, গোষ্ঠীদ্বন্দ্ব, ব্যক্তিস্বার্থের সংঘাত ও অপ্রয়োজনীয় বিরোধের বাইরে রাখতে হবে।

গণতান্ত্রিক সমাজে রাজনৈতিক মতাদর্শ ও বিশ্বাসের ভিন্নতা থাকবেই। তবে সেই মতপার্থক্য যেন পাঠদান, শিক্ষার পরিবেশ, প্রশাসনিক শৃঙ্খলা কিংবা শিক্ষার্থীদের নিরাপত্তায় বিঘ্ন না ঘটায়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

আর্থিকভাবে অসচ্ছল, প্রান্তিক জনগোষ্ঠীর এবং বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের স্বার্থ রক্ষায় ইতিবাচক ভূমিকা পালনের জন্য কলেজ কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, সরকার এমন একটি বাংলাদেশ গড়তে চায়, যা জ্ঞান ও গুণে সমৃদ্ধ হবে, কর্মক্ষেত্রে আত্মনির্ভরশীল হবে, মানবিক মূল্যবোধে উন্নত থাকবে এবং আন্তর্জাতিক পরিসরে মর্যাদার সঙ্গে মাথা উঁচু করে দাঁড়াবে।

জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে ‘ওয়ান স্টুডেন্ট ওয়ান ট্রি’ কর্মসূচির সাফল্য কামনা করেন প্রধানমন্ত্রী। সম্মেলনে উপস্থিত শিক্ষকদের প্রতি আবারও আন্তরিক শ্রদ্ধা জানিয়ে বক্তব্য শেষ করেন তিনি।

ইত্তেফাক/এসজেএস