শীতের ডায়েটে মুলা না থাকায় যেসব পুষ্টিগুণ থেকে বঞ্চিত হচ্ছেন

আপডেট : ২৮ নভেম্বর ২০২৬, ১৬:৪৯

শীতকালীন সবজির তালিকায় মুলার কদর অনেকের কাছে কম হলেও এর স্বাস্থ্যগুণ আকাশচুম্বী। স্বাদে কিছুটা তিতা বা ঝাঁঝালো হলেও রোগ প্রতিরোধের এক অনন্য দাওয়াই এই সবজি। তরকারি তো বটেই, অনেকে সালাদ হিসেবেও মুলা খান।

বাড়িতে সালাদ বানাতে গেলে সাধারণত পেঁয়াজ, শসা আর টমেটোই থাকে প্রধান উপকরণ। কেউ কেউ ধনেপাতা বা লেটুস যোগ করেন। 

তবে একটি অত্যন্ত পুষ্টিকর সবজি প্রায়ই উপেক্ষিত থেকে যায়—মুলা। খনিজ ও ভিটামিনে ভরপুর হলেও অনেকেই এর গন্ধ বা স্বাদের কারণে মুখ ফিরিয়ে নেন। অথচ সালাদে বা ডাল–তরকারিতে যোগ করলে মুলা হতে পারে স্বাস্থ্যের বড় সহায়ক।

এমস, হার্ভার্ড ও স্ট্যানফোর্ড প্রশিক্ষিত গ্যাস্ট্রোএন্টেরোলজিস্টরা মুলার উপকারিতা নিয়ে সম্প্রতি আলোকপাত করেছেন। একইসঙ্গে মুলা ঘিরে প্রচলিত কিছু ভুল ধারণাও ভেঙে দিয়েছেন তারা। 

চিকিৎসকের মতে, স্বাস্থ্যকর স্ন্যাকস হিসেবে মুলা দারুণ উপযোগী। এটি অত্যন্ত কম ক্যালোরিযুক্ত সবজি, ফলে সালাদে যোগ করলে খাবারে যেমন মুচমুচে ভাব আসে, তেমনি পেট ভরেও তৃপ্তি দেয়। বিভিন্ন স্বাস্থ্যকর সসের সঙ্গে মুলা খাওয়ার পরামর্শও দিয়েছেন তিনি।

স্বাদ ও রান্নায় ব্যবহারের পাশাপাশি পুষ্টিগুণেও এগিয়ে এই শীতকালীন সবজি। এতে রয়েছে ভিটামিন সি, খাদ্য আঁশ, পটাশিয়াম, ক্যালসিয়াম ও বিভিন্ন অ্যান্টিঅক্সিডেন্ট। নিয়মিত পরিমিত পরিমাণে মুলা খেলে শরীরের নানা পুষ্টির চাহিদা পূরণে সহায়তা পাওয়া যায়।

১. রোগ প্রতিরোধক্ষমতায় সহায়ক

মুলায় রয়েছে ভিটামিন সি, যা শরীরের স্বাভাবিক রোগ প্রতিরোধক্ষমতা বজায় রাখতে ভূমিকা রাখে। শীতকালে সুষম খাদ্যতালিকার অংশ হিসেবে মুলা খেলে প্রয়োজনীয় ভিটামিন সি পাওয়া যায়। তবে মুলা খেলে সর্দি-কাশি বা ভাইরাসজনিত সংক্রমণ প্রতিরোধ হবে, এমন নিশ্চয়তা নেই।

২. হজমে সহায়তা করে

মুলায় থাকা খাদ্য আঁশ হজমপ্রক্রিয়া স্বাভাবিক রাখতে সহায়ক। এটি অন্ত্রের কার্যক্রম ভালো রাখতে এবং কোষ্ঠকাঠিন্যের সমস্যা কমাতে ভূমিকা রাখতে পারে।

বিশেষ করে শীতকালে শারীরিক পরিশ্রম কমে গেলে আঁশযুক্ত খাবার খাওয়া উপকারী।

৩. ওজন নিয়ন্ত্রণে সহায়ক

মুলায় ক্যালরির পরিমাণ তুলনামূলক কম, অন্যদিকে রয়েছে খাদ্য আঁশ ও পানি। ফলে মুলা খেলে কিছুটা সময় পেট ভরা অনুভূত হতে পারে। সুষম খাদ্যাভ্যাসের অংশ হিসেবে এটি ওজন নিয়ন্ত্রণে সহায়ক হতে পারে।

৪. শরীরের স্বাভাবিক কার্যক্রমে ভূমিকা রাখে

মুলায় পানি ও বিভিন্ন পুষ্টি উপাদান রয়েছে। পর্যাপ্ত পানি পান এবং সুষম খাবারের পাশাপাশি মুলা খাওয়া শরীরের স্বাভাবিক কার্যক্রম বজায় রাখতে সহায়ক। তবে মুলা শরীর থেকে বিষাক্ত পদার্থ বের করে দেয় কিংবা সরাসরি যকৃৎ ও কিডনি পরিষ্কার করে—এমন দাবির নির্ভরযোগ্য প্রমাণ নেই।

৫. হৃদ্‌স্বাস্থ্যে সহায়ক

মুলায় থাকা পটাশিয়াম শরীরের স্বাভাবিক রক্তচাপ বজায় রাখতে ভূমিকা রাখে। পাশাপাশি এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট কোষকে অক্সিডেটিভ ক্ষতি থেকে সুরক্ষায় সহায়তা করে। তবে শুধু মুলা খেয়ে উচ্চ রক্তচাপ বা হৃদ্‌রোগ নিয়ন্ত্রণ করা সম্ভব নয়।

৬. ত্বকের স্বাভাবিক স্বাস্থ্য বজায় রাখে

শীতের শুষ্ক আবহাওয়ায় ত্বক আর্দ্রতা হারাতে পারে। মুলায় প্রচুর পানি ও ভিটামিন সি রয়েছে। ভিটামিন সি কোলাজেন তৈরিতে ভূমিকা রাখে, যা ত্বকের স্বাভাবিক গঠন বজায় রাখতে প্রয়োজনীয়। তবে শুধু মুলা খেলেই ত্বক উজ্জ্বল বা আর্দ্র থাকবে, এমন নয়। পর্যাপ্ত পানি পান ও সুষম খাবারও জরুরি।

৭. হাড় ও দাঁতের জন্য উপকারী

মুলায় ক্যালসিয়ামসহ কিছু প্রয়োজনীয় খনিজ উপাদান রয়েছে। ক্যালসিয়াম হাড় ও দাঁতের স্বাভাবিক গঠন ও শক্তি বজায় রাখতে সাহায্য করে। তবে শরীরের ক্যালসিয়ামের চাহিদা পূরণে শুধু মুলার ওপর নির্ভর করা যাবে না। দুধ, দই, ছোট মাছসহ অন্যান্য ক্যালসিয়ামসমৃদ্ধ খাবারও খাদ্যতালিকায় রাখা প্রয়োজন।

তবে সবকিছুর মতোই মুলার ক্ষেত্রেও কিছুটা সতর্কতা প্রয়োজন। অতিরিক্ত কাঁচা মুলা খেলে গ্যাসের সমস্যা হতে পারে। বিশেষ করে থাইরয়েডের সমস্যা থাকলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। এছাড়া দুধ বা মাছের সঙ্গে মুলা না খাওয়াই ভালো। নিয়ম মেনে শীতের এই সবজিটি খাদ্যতালিকায় রাখলে আপনি সহজেই পেতে পারেন এক নিরোগ শরীর।

ইত্তেফাক/এনটিএম