বিচার বিভাগের স্বাধীন সচিবালয় বন্ধ করে ‘ওয়াদা’ ভেঙেছে সরকার: জামায়াত আমির

আপডেট : ২৮ নভেম্বর ২০২৬, ১৮:৪৬

বিচার বিভাগের স্বাধীন সচিবালয় বন্ধ করে দেওয়ার মাধ্যমে বর্তমান সরকার জনগণের সঙ্গে দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ করেছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

শনিবার (২৮ নভেম্বর) রাজধানীর মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরার উদ্বোধনী অধিবেশনে দেওয়া বক্তব্যে তিনি এ অভিযোগ করেন।

ডা. শফিকুর রহমান বলেন, অন্তর্বর্তী সরকারের সময় বিচার বিভাগের স্বাধীন সচিবালয় গঠন ও কার্যক্রম শুরু হলেও বর্তমান সরকার ক্ষমতায় আসার পর তা বন্ধ করে দেওয়া হয়েছে এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের প্রত্যাহার করা হয়েছে। দীর্ঘদিন বিচার বিভাগের স্বাধীনতার কথা বলা হলেও বাস্তবে উল্টো পদক্ষেপ নেওয়ায় 'ওয়াদা' ভঙ্গ হয়েছে বলে তিনি মন্তব্য করেন।

জামায়াত আমির আরও বলেন, গণভোটে ৭০ শতাংশ মানুষের ‘হ্যাঁ’ ভোটের ম্যান্ডেট থাকলেও জুলাই সনদ বাস্তবায়নে সরকার গড়িমসি করছে। সংবিধান সংস্কারের পরিবর্তে সংশোধনের পথে হাঁটায় তা ভবিষ্যতে আদালতে চ্যালেঞ্জ হওয়ার ঝুঁকি তৈরি করতে পারে বলেও সতর্ক করেন তিনি। পাশাপাশি সব বিদেশি চুক্তি সংসদে উপস্থাপন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং স্থানীয় সরকার ব্যবস্থায় দলীয়করণ বন্ধের দাবি জানান জামায়াত আমির।

ইত্তেফাক/এনএ