দেশে-বিদেশে এনবিআর ও কাস্টমস নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয়: অর্থমন্ত্রী

আপডেট : ২৮ নভেম্বর ২০২৬, ১৯:০৩

দেশে-বিদেশে যেখানে যাই, সেখানেই আমদানি-রপ্তানি বাণিজ্যের সঙ্গে সম্পৃক্ত কাস্টমস ও জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) নিয়ে কথা শুনতে হয় বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। 

তিনি বলেন, জাপান ও কোরিয়াসহ বিভিন্ন দেশে সফরেও এনবিআরের কার্যক্রম নিয়ে আলোচনা হচ্ছে। এ পরিস্থিতিতে রাজস্ব প্রশাসনের সংস্কারে ব্যবসায়ীদের মতামত ও সহযোগিতা চেয়েছেন তিনি।

শনিবার (২৮ নভেম্বর) মিরপুরে বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমিতে ‘বাংলাদেশ রিয়েল-টাইম ট্রেড অ্যারেঞ্জমেন্ট-বার্তা’ প্ল্যাটফর্মের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী এসব কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, সরকার সংস্কারে যতই সক্রিয় ও আগ্রাসী হোক না কেন, ব্যবসায়ীদের অংশগ্রহণ ছাড়া কাঙ্ক্ষিত পরিবর্তন সম্ভব নয়। তাই ব্যবসায়ীদের সাহস করে নিজেদের মতামত তুলে ধরতে হবে। সরকার অজনপ্রিয় সিদ্ধান্ত নিতে হলেও দেশের ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ ও মানুষের কল্যাণে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে প্রস্তুত।

তিনি বলেন, শুধু এনবিআর নয়, সবকিছুর বিষয়ে পারস্পরিক আলোচনা প্রক্রিয়া আমরা অব্যাহত রাখতে চাই। আমরা না রাখলেও আপনাদের পরামর্শ-প্রতিক্রিয়া চাই। বিমা খাতের অনিয়ম ও অব্যবস্থাপনা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন অর্থমন্ত্রী। তার ভাষ্য, এ খাতে কাজ করতে গিয়ে তিনি দেখেছেন, পরিস্থিতি ব্যাংক খাতের চেয়েও খারাপ।

আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, অনেক বিমা কোম্পানি গ্রাহকদের বিমা দাবি পরিশোধ করছে না। অথচ এসব প্রতিষ্ঠানের সম্পত্তি কেনা, বিভিন্ন খাতে বিনিয়োগ ও ব্যক্তিগত বিনিয়োগের প্রবণতা রয়েছে। এমনকি বিমার অর্থও অপব্যবহার করা হচ্ছে।

তিনি বলেন, বিমা খাতে যখন হাত দিয়েছি, দেখলাম প্রভাবশালী লোকজন এখানে আসতে শুরু করেছে। আপনি যেখানে হাত দেবেন, সেখানেই সমস্যা।

 

ইত্তেফাক/এনএ