হাফ ভাড়া নিয়ে বাগ্বিতণ্ডার জেরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক নারী শিক্ষার্থী ও তার মাকে অকথ্য ভাষায় গালিগালাজ ও হেনস্তা করার অভিযোগ উঠেছে ঠিকানা পরিবহনের কর্মীদের বিরুদ্ধে। এ ঘটনার প্রতিবাদ ও সুষ্ঠু বিচারের দাবিতে পরিবহনটির ২০টির বেশি বাস আটক করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
শনিবার (২৮ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসীন হলের মাঠে বাসগুলো আটকে রাখা হয়। পরে মুচলেকা নেওয়ার পর বেলা আড়াইটার দিকে বাসগুলো ছেড়ে দেওয়া হয়।
এর আগে শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের এক ছাত্রীর সঙ্গে ঠিকানা পরিবহনের একটি বাসের চালক ও সহকারীর অসদাচরণের ঘটনা ঘটে। এর প্রতিবাদে শিক্ষার্থীরা বাস আটকে রাখেন।
ভুক্তভোগী শিক্ষার্থী সাজিয়া আফরিন মেহা বিশ্ববিদ্যালয়ের ২০২৪–২৫ শিক্ষাবর্ষের ছাত্রী। ঘটনার বিবরণ দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি জানান, শুক্রবার সকালে তিনি তার মা ও বোনকে সঙ্গে নিয়ে সিটি কলেজ থেকে বাইপাইল যাওয়ার উদ্দেশ্যে ঠিকানা পরিবহনের একটি বাসে (ঢাকা মেট্রো ব ১৫-৭৬২৬) ওঠেন। আগে ওই রুটের ভাড়া ৭০ টাকা থাকলেও বাসের সহকারী (হেলপার) ৯০ টাকা দাবি করেন। ভাড়া বাড়ার বিষয়টি জানা না থাকায় এবং শিক্ষার্থী হিসেবে সপ্তাহে সাত দিনই অর্ধেক (হাফ) ভাড়ার নিয়ম থাকায় তিনি স্টুডেন্ট কার্ড দেখান।
মেহার অভিযোগ, হাফ ভাড়া ও বর্ধিত ভাড়া নিয়ে বাসের সহকারী তার সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়ান এবং চিৎকার-চেঁচামেচি শুরু করেন। একপর্যায়ে বাসের চালক জানান, তারা আর কোনো শিক্ষার্থীর হাফ ভাড়া নেবেন না। পরে বাধ্য হয়ে পুরো ভাড়া পরিশোধ করা হলেও সহকারী অসদাচরণ চালিয়ে যান। মেহার মা এর প্রতিবাদ করলে বাস থেকে নামার পর ওই সহকারী তাঁর মাকে উদ্দেশ করে অকথ্য ভাষায় গালিগালাজ ও অপমানজনক মন্তব্য করেন।
এ ঘটনার প্রতিবাদে শনিবার একদল শিক্ষার্থী ঠিকানা পরিবহনের বাসগুলো আটকে বিশ্ববিদ্যালয়ে নিয়ে আসেন।
শিক্ষার্থীদের পক্ষ থেকে বলা হয়, গণপরিবহনে শিক্ষার্থীদের সঙ্গে দুর্ব্যবহার ও অপমানজনক আচরণ কোনোভাবেই মেনে নেওয়া হবে না। ঘটনার সুষ্ঠু বিচার এবং দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে বাসগুলো মুহসীন হল মাঠে রাখা হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ইসরাফিল প্রাং (ইসরাফিল রতন) বলেন, শিক্ষার্থীদের বাস আটকে রাখার বিষয়টি তিনি জানেন। পরিবহন মালিকপক্ষের সঙ্গে তার কথা হয়েছে। আলোচনার মাধ্যমে বসে এ বিষয়ে একটি সমাধানে পৌঁছানো যাবে বলে তিনি আশা করছেন। পরে বেলা আড়াইটার পর মুচলেকা নিয়ে বাসগুলো ছেড়ে দেওয়া হয়।
