আফগানিস্তানে স্কুলের পাশে বিস্ফোরণ, নিহত ১০ শিক্ষার্থী

আপডেট : ২৮ নভেম্বর ২০২৬, ১৯:৪২

আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় কুনার প্রদেশে একটি স্কুলের পাশে বিস্ফোরণে অন্তত দশ শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে ৯০ জনের বেশি। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর।

শনিবার (২৮ নভেম্বর) স্থানীয় সময় সকাল ১০টার দিকে প্রদেশটির রাজধানী আসাদাবাদের উপকণ্ঠে আন্দার সের এলাকায় এ বিস্ফোরণ ঘটে।

কুনার প্রদেশের তথ্য ও সংস্কৃতি বিভাগের প্রধান সামি উল হক বায়ান জানান, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, স্কুলের পাশের একটি বিস্ফোরক সংরক্ষণাগার থেকে বিস্ফোরণের সূত্রপাত হয়েছে। সেখানে খননকাজে ব্যবহারের জন্য বিভিন্ন খনির প্রতিষ্ঠানের বিস্ফোরক রাখা ছিল। অসতর্কতার কারণে এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে।

আহতদের মধ্যে ১৫ জনের মতো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। তবে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।

আফগানিস্তানে খনিজ সম্পদ উত্তোলন একটি গুরুত্বপূর্ণ শিল্প। তবে খনির প্রতিষ্ঠানগুলোতে নিরাপত্তাব্যবস্থার ঘাটতির কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটে।

এর আগে গত আগস্টে রাজধানী কাবুলের একটি শিক্ষাপ্রতিষ্ঠানে গ্রেনেড হামলায় ৪০ জনের বেশি শিশু আহত হয়েছিল।

সূত্র: আলজাজিরা

ইত্তেফাক/এবিএস