পুলিশ পরিচয়ে কাভার্ডভ্যান ছিনতাইয়ের ঘটনায় ৪ ডাকাত গ্রেপ্তার

আপডেট : ২৮ নভেম্বর ২০২৬, ২০:৪৪

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডিবি পুলিশের পরিচয় দিয়ে পণ্যবাহী কাভার্ডভ্যান ছিনতাইয়ের ঘটনায় জড়িত ডাকাত চক্রের ৪ জনকে গ্রেপ্তার করেছে মুন্সীগঞ্জের গজারিয়া থানা পুলিশ।

শনিবার (২৮ নভেম্বর) দুপুর দেড়টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন গজারিয়া থানার ওসি কায়সার আহমেদ। এর আগে গত শুক্রবার দিবাগত রাতে রাজধানী ঢাকায় বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় লুণ্ঠিত কাভার্ডভ্যান উদ্ধার এবং ডাকাতির কাজে ব্যবহৃত দুটি নোয়া গাড়ি জব্দ করা হয়েছে।

গ্রেপ্তাররা হলেন- মাদারীপুরের শিবচর উপজেলার দাদন মাতবরের ছেলে জাকির হোসেন (৩১), লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার মৃত আবুল কাশেমের ছেলে খোরশেদ আলম (৪৫), রাজধানীর লালবাগ থানা এলাকার মতিউর হাওলাদারের ছেলে রাজু আহম্মেদ (৪০) এবং ঢাকা জেলার কামরাঙ্গীরচর থানার মৃত হেমায়েত মিয়ার ছেলে নুর জামাল (২৯)।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আরপি এন্টারপ্রাইজের মালিক গত ১৮ নভেম্বর রাত আনুমানিক ১০টার দিকে চট্টগ্রাম থেকে ৩০০ বস্তা প্লাস্টিক দানা বোঝাই করে কাভার্ডভ্যান ঢাকার উদ্দেশ্যে পাঠান। পরদিন ১৯ নভেম্বর ভোর ৪টা থেকে ৫টার মধ্যে কাভার্ডভ্যানটি গোমতী-দাউদকান্দি টোল প্লাজা অতিক্রম করে গজারিয়ার বালুয়াকান্দি এলাকার ভূঁইয়া পাম্পের বিপরীত পাশে মহাসড়কে পৌঁছালে একটি সাদা রঙের টয়োটা নোহা গাড়ি থেকে চারজন ব্যক্তি ডিবির পরিচয়ে চালককে গাড়ি থামানোর সংকেত দেয়। গাড়ি থামানোর পর অভিযুক্তরা চালককে মারধর করে গাড়িতে মাদক থাকার অভিযোগ তোলে। একপর্যায়ে চালকের মোবাইল ফোন, গাড়ির চাবি ও প্রয়োজনীয় কাগজপত্র কেড়ে নিয়ে তাকে নিজেদের গাড়িতে তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয় এবং তাদের এক সহযোগীকে কাভার্ডভ্যানে রেখে দেওয়া হয়।

পরে চালককে কুমিল্লার একটি নির্জন স্থানে নামিয়ে দিয়ে কাভার্ডভ্যানটি এবং ভেতরে থাকা ৩০০ বস্তা প্লাস্টিক দানা নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এ ঘটনায় গজারিয়া থানায় মামলা দায়েরের পর শুক্রবার দিবাগত রাতে তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চার আসামিকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা পুলিশ ও র‍্যাব পরিচয়ে বিভিন্ন সময় ডাকাতি ও দস্যুতায় জড়িত থাকার কথা স্বীকার করেছে।

গজারিয়া থানার ওসি কায়সার আহমেদ বলেন, গ্রেপ্তাররা মহাসড়ক কেন্দ্রিক একটি সংঘবদ্ধ ডাকাত চক্রের সদস্য। তারা দীর্ঘদিন ধরে ডিবি পুলিশের পরিচয়ে সাধারণ মানুষকে অপহরণ করে সর্বস্ব লুটে আসছিল। শনিবার তাদের আদালতে পাঠানো হয়েছে।

ইত্তেফাক/এপি