গবেষণা প্রতিবেদন

এলএনজি আমদানিতে বছরে ২৬ বিলিয়ন ডলার ব্যয়ের ঝুঁকিতে বাংলাদেশ

আপডেট : ২৯ নভেম্বর ২০২৬, ০২:৩০

এলএনজি আমদানিনির্ভর বিদ্যুত্ উত্পাদনের কারণে বাংলাদেশকে বছরে সর্বোচ্চ ২৫.৮ বিলিয়ন বা ২ হাজার ৫৮০ কোটি ডলার ব্যয় করতে হতে পারে। একই সঙ্গে নতুন গ্যাসভিত্তিক বিদ্যুেকন্দ্র ও অবকাঠামো নির্মাণের ফলে কার্বন নিঃসারণ, বায়ুদূষণ এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি আরো বাড়তে পারে।

‘এলএনজির শেষ চেষ্টা :বাংলাদেশের জন্য এমআইডিআই মাস্টারপ্ল্যান’ শীর্ষক এক নতুন প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। গতকাল শনিবার প্রকাশিত প্রতিবেদনটি তৈরি করেছে আন্তর্জাতিক সংস্থা মার্কেট ফোর্সেস, ওয়াটারকিপার্স বাংলাদেশ ও ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)। প্রতিবেদন অনুযায়ী, দক্ষিণ-পূর্বাঞ্চলের মহেশখালী-মাতারবাড়ী সমন্বিত অবকাঠামো উন্নয়ন উদ্যোগের (এমআইডিআই) আওতায় জীবাশ্ম জ্বালানিভিত্তিক নতুন অবকাঠামো নির্মাণে প্রায় ২০ বিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা রয়েছে। এর মধ্যে গ্যাসভিত্তিক বিদ্যুেকন্দ্র নির্মাণে ১৯ বিলিয়ন এবং স্থলভিত্তিক এলএনজি আমদানি টার্মিনাল নির্মাণে প্রায় ১ বিলিয়ন ডলার ব্যয়ের প্রাক্কলন করা হয়েছে। জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) তৈরি এমআইডিআই মাস্টারপ্ল্যানে চট্টগ্রাম অঞ্চলে নতুন করে ১৩ গিগাওয়াট এলএনজিভিত্তিক বিদ্যুত্ উত্পাদন সক্ষমতা গড়ে তোলার প্রস্তাব রয়েছে। পাশাপাশি দৈনিক ১ হাজার মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহের সক্ষমতাসম্পন্ন একটি স্থলভিত্তিক এলএনজি টার্মিনাল নির্মাণের পরিকল্পনাও রয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৭ সালের পূর্বাভাস অনুযায়ী, এলএনজির গড় দাম দীর্ঘ  মেয়াদে অপরিবর্তিত থাকলে আমদানি ব্যয় বছরে সর্বোচ্চ ২৫.৮ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে। তবে আন্তর্জাতিক বাজারে দাম কমে গেলে এই ব্যয় ৭ বিলিয়ন ডলারে নেমে আসতে পারে। অর্থাত্, আন্তর্জাতিক বাজারের দামের ওঠানামার ওপর বাংলাদেশের জ্বালানি আমদানি ব্যয় অনেকটাই নির্ভরশীল থাকবে।

প্রতিবেদনের লেখক ও মার্কেট ফোর্সেসের এশিয়া এনার্জি ট্রানজিশন ডিরেক্টর মুনিরা চৌধুরী বলেন, আমদানি করা গ্যাসের উচ্চমূল্য দেশের উত্পাদনশীল শিল্প খাতকে ক্ষতিগ্রস্ত করছে। বিদ্যুত্ উত্পাদন ব্যাহত হওয়ায় শিল্পকারখানার উত্পাদন কমছে, বাড়ছে অর্থনৈতিক ক্ষতি। অন্যদিকে, জীবাশ্ম জ্বালানির দূষণে মানুষের স্বাস্থ্যও ক্ষতিগ্রস্ত হচ্ছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে সৌরবিদ্যুত্ উত্পাদনের সম্ভাবনা ২৪০ গিগাওয়াট এবং স্থলভিত্তিক বায়ুবিদ্যুত্ উত্পাদনের সম্ভাবনা ৩০ গিগাওয়াট। অথচ এসব সম্ভাবনা কাজে লাগানোর তুলনায় জীবাশ্ম জ্বালানিতে বিনিয়োগের পরিকল্পনা বেশি গুরুত্ব পাচ্ছে।

ইত্তেফাক/এএম