চট্টগ্রামে ট্রেনের বগিতে আগুন

আপডেট : ২৯ নভেম্বর ২০২৬, ০৩:১৭

চট্টগ্রাম নগরের রেলস্টেশনের পাশে কদমতলী এলাকায় যাত্রীহীন একটি ট্রেনের বগিতে দাহ্য পদার্থ ছুড়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (২৮ নভেম্বর) রাত ১১টার দিকে ঢাকাগামী ঢাকা মেইল ট্রেনে এ ঘটনা ঘটলেও রেলকর্মীদের দ্রুত তৎপরতায় দুয়েক মিনিটের মধ্যেই আগুন নিভিয়ে ফেলা হয় এবং ট্রেনটি নির্ধারিত সময়ে গন্তব্যের উদ্দেশে ছেড়ে যায়।

চট্টগ্রাম রেলস্টেশনের মাস্টার আবু জাফর মজুমদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দেওয়ানহাটের ইয়ার্ড থেকে স্টেশনে আসার পথে কদমতলী এলাকায় পৌঁছালে একটি বগির জানালা দিয়ে দাহ্য পদার্থ ছুড়ে দুটি সিটে আগুন দেওয়া হয়। ওই সময় ট্রেনে কোনো যাত্রী ছিলেন না এবং রেলের লোকজন দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন।

রেলওয়ে সূত্রে জানা গেছে, আগুন নেভানোর পর ঢাকাগামী মেইল ট্রেনটি রাত পৌনে ১২টার দিকে নির্ধারিত সময়ে চট্টগ্রাম রেলস্টেশন ছেড়ে যায়।

এদিকে ট্রেনের সিটে অগ্নিসংযোগের খবর পেয়ে রেলওয়ে পুলিশের সদস্যরা স্টেশন এলাকায় পৌঁছে ট্রেনটি পরিদর্শন করেন।

ইত্তেফাক/এএম