সহিংসতা ও নাশকতার পরিকল্পনার অভিযোগে গোয়েন্দা পুলিশের (ডিবি) সাঁড়াশি অভিযানে পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) সাবেক প্রধান ও অতিরিক্ত আইজিপি মনিরুল ইসলামের স্ত্রী সায়লা ফারজানা এবং তার দুই শ্যালকসহ চারজনকে আটক করা হয়েছে।
রোববার (২৯ নভেম্বর) ভোরে রাজধানীর মিরপুর ডিওএইচএস ও রাকিন সিটিতে অভিযান চালিয়ে তাদের আটক করে ডিবি পুলিশ।
আটক ব্যক্তিদের মধ্যে সাবেক অতিরিক্ত সচিব সায়লা ফারজানা, তার শ্যালক রেজাউল আলম শাহীন এবং অপর এক শ্যালক রয়েছেন।
সায়লা ফারজানা জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব এবং বিসিএস ১৭তম ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা। এ ছাড়া তিনি বিসিএস উইমেন নেটওয়ার্কের মহাসচিবের দায়িত্বও পালন করেছেন। অন্যদিকে, তার স্বামী মনিরুল ইসলামকে ইতিমধ্যে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার এবং ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের পর তিনি দেশ থেকে পালিয়ে ভারতে অবস্থান করছেন বলে জানা গেছে।
উল্লেখ্য, আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৪ সালের ১৩ আগস্ট প্রথমবারের মতো সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের দপ্তরে গেলে দীর্ঘদিন পদোন্নতিবঞ্চিত কর্মকর্তা-কর্মচারীদের ক্ষোভের মুখে পড়েন সায়লা ফারজানা। ওই সময় বঞ্চিত কর্মকর্তারা তাকে কক্ষে আটকে রেখে বিক্ষোভ করলে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) মাসুদুল হাসান কয়েকজন কর্মকর্তাকে নিয়ে তাকে উদ্ধার করেন এবং পুলিশি পাহারায় সচিবালয়ের বাইরে পাঠিয়ে দেন। এরপর তিনি আর মন্ত্রণালয়ে যাননি এবং ২০২৪ সালের ৮ সেপ্টেম্বর রাতে এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়।
এদিকে, ক্ষমতার অপব্যবহার, ঘুষ ও দুর্নীতির মাধ্যমে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ সম্পদ অর্জন এবং ব্যাংক হিসাবে অস্বাভাবিক লেনদেনের অভিযোগে মনিরুল ইসলাম ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে দুটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এসব মামলায় মনিরুল ইসলাম ছাড়াও তার স্ত্রী সায়লা ফারজানা, শ্যালক রেজাউল আলম শাহীন এবং শ্যালকের স্ত্রী সানজিদা খানম টুম্পাকে আসামি করা হয়েছে।
দুদকের এজাহার অনুযায়ী, অভিযুক্ত ব্যক্তিরা পরস্পর যোগসাজশে ঘুষ, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ ২৩ কোটি ৩২ লাখ টাকার সম্পদ অর্জন করে ভোগদখলে রেখেছেন। এ ছাড়া তাদের নামে থাকা ৪০টি ব্যাংক হিসাবে ২০১৩ সালের ৮ ডিসেম্বর থেকে ২০২৪ সালের ১৬ এপ্রিল পর্যন্ত মোট ১ হাজার ৪৫ কোটি ২৮ লাখ ৩০ হাজার টাকার অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়া গেছে, যার মধ্যে ৫২৭ কোটি ৯২ লাখ ৮৮ হাজার টাকা জমা এবং ৫১৭ কোটি ৩৫ লাখ ৪১ হাজার টাকা উত্তোলন করা হয়েছে।
