কক্সবাজারের টেকনাফে বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ ডাকাত ও মানবপাচারকারী চক্রের সাত সদস্যকে আটক করা হয়েছে। এ সময় অপহৃত দুইজন জিম্মিকেও উদ্ধার করা হয়। শনিবার (২৮ নভেম্বর) বাংলাদেশ সেনাবাহিনীর সূত্রে এ তথ্য জানা গেছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার টেকনাফ উপজেলার বিভিন্ন স্থানে সেনাবাহিনীর নেতৃত্বে একাধিক যৌথ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে সৈনিক তিতাস হত্যা মামলার আসামিসহ ডাকাত ও মানবপাচারকারী চক্রের ওই সাত সদস্যকে আটক করা হয়। ঘটনাস্থল থেকে দেশীয় তৈরি দুটি এলজি, একটি একনলা বন্দুক এবং ১৪ রাউন্ড গুলি (অ্যামুনিশন) উদ্ধার করার পাশাপাশি জিম্মি অবস্থায় থাকা দুইজনকে উদ্ধার করা হয়েছে।
সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের যৌথ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এ বিষয়ে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক ডাকাত ও মানবপাচারকারী চক্রের সদস্যদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
