ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘কানি’, আঘাত হানতে পারে যেসব অঞ্চলে

আপডেট : ২৯ নভেম্বর ২০২৬, ১৪:০৩

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড় তৈরির সম্ভাবনা ঘিরে আবহাওয়াবিদদের মধ্যে তৎপরতা শুরু হয়েছে। গত এক মাসে অর্ণব, মুরাসু ও আকভান; পরপর তিনটি ঘূর্ণিঝড়ের পর এবার দক্ষিণ আন্দামান সাগরে নতুন করে ঘূর্ণাবর্ত তৈরির পূর্বাভাস দিয়েছে ভারতের আবহাওয়া দপ্তর (আইএমডি)। সম্ভাব্য এই ঘূর্ণিঝড়ের নাম হতে পারে ‘কানি’।

নামটি প্রস্তাব করেছে মালদ্বীপ। রোববার (২৯ নভেম্বর) ইন্ডিয়া ডট কমের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

ভারতের আবহাওয়া দপ্তর (আইএমডি) জানিয়েছে, ২৯ নভেম্বর দক্ষিণ আন্দামান সাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। এটি ৩০ নভেম্বরের মধ্যে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে লঘুচাপে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে।

লঘুচাপটি শক্তি সঞ্চয় করে ঘূর্ণিঝড়ে রূপ নিলে এর নাম হবে ‘কানি’। এই নাম প্রস্তাব করেছে মালদ্বীপ। নামটি উপকূলীয় অঞ্চলের এক বিশেষ ধরনের গাছের নামের সঙ্গে যুক্ত।

আইএমডির নিজস্ব উপগ্রহ চিত্রে যে পূর্বাভাস, তাতে ২৯ নভেম্বর সন্ধ্যা নাগাদ দক্ষিণ আন্দামান সাগরের ওপর একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে, এটি ৩০ নভেম্বর নাগাদ আরও শক্তিশালী হয়ে একটি নিম্নচাপ এলাকায় পরিণত হতে পারে। আর ২ ডিসেম্বর নাগাদ সেটি আরও শক্তিশালী হয়ে নিম্নচাপে পরিণত হতে পারে।

এই সিস্টেমটি সাধারণত পশ্চিম দিকে থেকে পশ্চিম-উত্তরপশ্চিম দিকে তামিলনাড়ু বা শ্রীলঙ্কা উপকূলের দিকে এগিয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে। তবে এর তীব্রতা এবং পরবর্তী গতিপথ নিয়ে মডেলগুলোর মধ্যে যথেষ্ট মতপার্থক্য রয়েছে। 

বেশ কয়েকটি মডেল আরও ইঙ্গিত দিচ্ছে, এটি সমুদ্রের ওপরেই উল্লেখযোগ্য শক্তি বৃদ্ধি ছাড়াই দুর্বল হয়ে যেতে পারে।

যদি এটি তৈরি হয় তাহলে এর সম্ভাব্য গতিপথ নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা। বঙ্গোপসাগরে তৈরি হতে চলা সম্ভাব্য ঘূর্ণিঝড়টির ভবিষ্যৎ গতিপথ নিয়ে একমত নয় আবহাওয়ার প্রধান দুটি মডেল। 

একটি বলছে, এর সম্ভাব্য গতিপথ হতে পারে মায়ানমারের দিকে। অন্যটি বলছে, সম্ভাব্য গতিপথ দেখাচ্ছে শ্রীলঙ্কা ও দক্ষিণ ভারতের দিকে। দুটি মডেলের এই বিপরীতমুখী পূর্বাভাস থেকেই বোঝা যাচ্ছে, সিস্টেমটির সম্ভাব্য গতিপথ এখনও কতটা অনিশ্চিত।

বঙ্গোপসাগরে সম্ভাব্য ঘূর্ণিঝড় ‘কানি’-র গতিপথের ওপর নজর রাখছেন আবহাওয়াবিদরা। 

গত ২৭ নভেম্বরের জিএফসি মডেলের সর্বশেষ আপডেট অনুসারে, সিস্টেমটির সম্ভাব্য অবস্থান ও অগ্রসর হওয়ার প্রবণতা বিশেষভাবে নজরে এসেছে। 

মডেলের চিত্রে দক্ষিণ ভারত মহাসাগরীয় অঞ্চলের দিকে সম্ভাব্য অগ্রসরের ইঙ্গিত। সিস্টেমটির শক্তি ও গতিপথ আগামী মডেল আপডেটগুলোতে পরিবর্তিত হতে পারে। 

এদিকে সম্ভাব্য ঘূর্ণাবর্তের প্রভাবে দক্ষিণবঙ্গের আবহাওয়াতেও সাময়িক পরিবর্তন আসতে পারে। 

আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামীকাল থেকে পরপর দু’দিন দক্ষিণবঙ্গের তাপমাত্রা বাড়তে পারে। সর্বোচ্চ ও সর্বনিম্ন; উভয় তাপমাত্রাই ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।

ইত্তেফাক/এনটিএম