গোপালগঞ্জে 'ভাঙচুর চালিয়ে ভারতে পালানোর পর' সাতক্ষীরা সীমান্ত দিয়ে আবার দেশে প্রবেশের সময় কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক সংগঠনের মিছিলে অংশ নেওয়া এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (২৮ নভেম্বর) বিকেলে কলারোয়া উপজেলার হিজলদী বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ১৩/৪ এস সংলগ্ন এলাকা দিয়ে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় তাকে আটক করা হয়।
আটক তরুণের নাম প্রান্ত তালুকদার (২০)। তিনি গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার গোপালপুর গ্রামের উত্তম তালুকদারের ছেলে।
বিজিবি জানায়, শনিবার বেলা তিনটার দিকে কলারোয়ার হিজলদী সীমান্তের ১৩/৪ এস নম্বর পিলারের কাছ থেকে প্রান্তকে আটক করা হয়। বিজিবি ৩৩ ব্যাটালিয়নের হিজলদী সীমান্ত ফাঁড়ির সদস্যরা তাকে আটক করেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রান্ত জানিয়েছেন, গত ২৬ নভেম্বর অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে যান তিনি। এরপর পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার একটি গ্রামে অবস্থান করছিলেন। শনিবার সেখান থেকে বাংলাদেশে ফেরার সময় বিজিবির হাতে আটক হন।
বিজিবির ভাষ্য অনুযায়ী, প্রান্ত ২০২৫ সালে গোপালগঞ্জের গোপালপুর ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন। তবে সাংগঠনিক শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে পরে তাকে ওই পদ থেকে বহিষ্কার করা হয়।
জিজ্ঞাসাবাদে প্রান্ত আরও জানান, গত ১৯ ও ২০ নভেম্বর গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সরকারবিরোধী মিছিলে অংশ নেন তিনি। ওই সময় বিভিন্ন স্থানে ভাঙচুরেও জড়িত ছিলেন বলে বিজিবিকে জানিয়েছেন তিনি।
সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান জানান, আটকের পর প্রান্তকে অধিকতর জিজ্ঞাসাবাদ এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
