ফরিদপুর সদর উপজেলায় প্রতিবন্ধী এক শিশুকে ধর্ষণের মামলায় ফিরোজ শেখ (৩৮) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
রোববার (২৯ নভেম্বর) দুপুরে ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ও জেলা ও দায়রা জজ শামীমা পারভীন এ রায় ঘোষণা করেন। এছাড়া জরিমানার অর্থ আদায়ে আসামির সম্পত্তি বিক্রি করে তা ভুক্তভোগী শিশুকে দেওয়ার জন্য ফরিদপুর জেলা কালেক্টরকে নির্দেশ দিয়েছেন আদালত।
রায় ঘোষণার সময় ফিরোজ শেখ আদালতে উপস্থিত ছিলেন। পরে পুলিশি পাহারায় তাকে কারাগারে পাঠানো হয়। দণ্ডপ্রাপ্ত ফিরোজ শেখ সদর উপজেলার কৃষ্ণনগর এলাকার আজিদ শেখের ছেলে।
মামলার এজাহার ও আদালত সূত্রে জানা যায়, ২০২৪ সালের ২২ এপ্রিল সন্ধ্যা ৬টার দিকে প্রতিবন্ধী শিশুটি চা ও চিনি কেনার জন্য বাড়ি থেকে বের হয়। পথে ফিরোজ শেখ তাকে গন্তব্যে পৌঁছে দেওয়ার কথা বলে কৌশলে নিজের অটোভ্যানে তোলে। এরপর একটি মাঠের নির্জন একটি স্থানে নিয়ে শিশুটিকে ধর্ষণ করে। এ সময় শিশুটির চিৎকার শুনে ভয় পেয়ে তাকে সেখানে ফেলে পালিয়ে যায় ফিরোজ।
অন্যদিকে, দীর্ঘ সময় পেরিয়ে গেলেও মেয়ে বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজ শুরু করেন। স্থানীয়দের কাছ থেকে তারা জানতে পারেন, ফিরোজ শেখ শিশুটিকে অটোভ্যানে করে নিয়ে গেছেন। পরে এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে খোঁজাখুঁজির একপর্যায়ে রাত ১১টার দিকে ভবানীপুর মাঠ থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সুস্থ হওয়ার পর বাবার কাছে ঘটনার বিস্তারিত জানায় শিশুটি। মামলার এজাহারে বলা হয়েছে, ঘটনার পর থেকে শিশুটি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে।
ঘটনার পাঁচ দিন পর শিশুটির বাবা বাদী হয়ে ফরিদপুর কোতোয়ালী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) হিরামন বিশ্বাস তদন্ত শেষে ফিরোজ শেখকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। দীর্ঘ সাক্ষ্যগ্রহণ ও শুনানি শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত এ রায় দেন।
রায়ের বিষয়টি নিশ্চিত করে ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট গোলাম রব্বানী ভূঁইয়া রতন বলেন, প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত ফিরোজ শেখকে যাবজ্জীবন কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করেছেন। এ রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট।
