তিন দিনের রিমান্ড শেষে কারাগারে সাবেক এমপি আনোয়ারুল আজিমের মেয়ে ডরিন

আপডেট : ২৯ নভেম্বর ২০২৬, ১৮:০৭

রাজধানীর যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণের ঘটনায় করা মামলায় তিন দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে ঝিনাইদহ-৪ আসনের সাবেক সংসদ সদস্য প্রয়াত আনোয়ারুল আজিম আনারের মেয়ে মুনতারিন ফেরদৌস ডরিনকে।

রোববার (২৯ নভেম্বর) বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাবিব উল্লাহ পিয়াসের আদালত তার জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আদালত সূত্রে জানা গেছে, তিন দিনের রিমান্ড শেষে ডরিনকে আদালতে হাজির করে কারাগারে রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের ওয়ারী জোনাল টিমের উপপরিদর্শক মো. শাহাদাত হোসেন নাফিজ। এ সময় ডরিনের আইনজীবীরা তার জামিনের আবেদন করেন। তবে রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করে। উভয় পক্ষের বক্তব্য শুনে আদালত জামিন আবেদন খারিজ করে দেন।

মামলার অভিযোগ অনুযায়ী, গত ৯ নভেম্বর রাতে যাত্রাবাড়ী-ডেমরা সড়কের কাজলা টোল প্লাজার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিস্ফোরণের আলামত সংগ্রহ করে। এ ঘটনায় পরদিন ১০ নভেম্বর যাত্রাবাড়ী থানায় বিস্ফোরকদ্রব্য আইনে মামলা করা হয়।

এর আগে গত ২৬ নভেম্বর দিবাগত রাতে রাজধানীর লালমাটিয়া এলাকা থেকে ডরিনকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে তাকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করা হলে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

ইত্তেফাক/এবিএস