নতুন চাকরি উদযাপন শেষে মর্মান্তিক পরিণতি, পরিবারের ১৪ সদস্যের মধ্যে ১৩ জনই নিহত

আপডেট : ২৯ নভেম্বর ২০২৬, ২০:৩৬

পরিবারের এক সদস্যের সরকারি শিক্ষিকা হিসেবে চাকরি পাওয়ার আনন্দ উদযাপনে মন্দিরে প্রার্থনা করতে যাচ্ছিলেন স্বজনরা। তবে সেই আনন্দযাত্রা শেষ হয়েছে ভয়াবহ সড়ক দুর্ঘটনায়। ভারতের ঝাড়খণ্ডের রামগড় জেলায় একটি গাড়ি দুর্ঘটনায় একই পরিবারের ১৩ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন।

রোববার (২৯ নভেম্বর) দিবাগত রাত দেড়টা থেকে ২টার মধ্যে রামগড় জেলার পেইনকি গ্রামের কাছে জাতীয় মহাসড়ক-৩৩-এ দুর্ঘটনাটি ঘটে। নিহত সবাই বিহারের নালন্দা জেলার জাংহারো গ্রামের বাসিন্দা। তারা একটি স্করপিও গাড়িতে করে ঝাড়খণ্ডের রাজরাপ্পায় অবস্থিত মা ছিন্নমস্তিকা মন্দিরে যাচ্ছিলেন।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস ও হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, পরিবারের সদস্য অমৃতা কুমারী সম্প্রতি সরকারি শিক্ষিকা হিসেবে চাকরি পেয়েছিলেন। তার এই সাফল্য উদযাপন করতে মন্দিরে প্রার্থনার আয়োজন করেছিলেন স্বজনরা। তবে দুর্ঘটনায় অমৃতা নিজেও প্রাণ হারিয়েছেন। পরিবারের আরেক সদস্য চন্দন কুমার জানান, তারা মন্দিরে প্রার্থনা করতে যাচ্ছিলেন। তার ভাই গাড়িটি চালাচ্ছিলেন।

পুলিশের প্রাথমিক তদন্তের বরাত দিয়ে সংবাদমাধ্যম দুটি জানায়, দ্রুতগতিতে চলা স্করপিওটি পেছন থেকে একটি অজ্ঞাতপরিচয় গাড়িকে ধাক্কা দেয়। এতে স্করপিওটি দুমড়েমুচড়ে যায়। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা উদ্ধারকাজে এগিয়ে আসেন। গাড়িতে থাকা ১৪ জনের মধ্যে ১৩ জনকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। গুরুতর আহত অপর ব্যক্তিকে রামগড় সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

দুর্ঘটনার কারণ জানতে তদন্ত চলছে বলে জানিয়েছেন রামগড়ের মহকুমা পুলিশ কর্মকর্তা অলোক রঞ্জন। তিনি বলেন, বিহারের নম্বরপ্লেটযুক্ত একটি স্করপিও নালন্দা থেকে রাজরাপ্পা যাওয়ার পথে দুর্ঘটনায় পড়েছে বলে তারা খবর পান। গাড়িটিতে ১৪ জন যাত্রী ছিলেন।

এক সদস্যের সরকারি চাকরি পাওয়ার আনন্দ ভাগাভাগি করতে মন্দিরে যাওয়ার পথে এমন মর্মান্তিক দুর্ঘটনায় পরিবারটির পাশাপাশি পুরো গ্রামে শোকের পরিবেশ তৈরি হয়েছে।

ইত্তেফাক/এসজেএস