শিল্পকলা একাডেমির নতুন ডিজি গীতিকবি শিবলী, ৭ পরিচালক নিয়োগ

আপডেট : ৩০ নভেম্বর ২০২৬, ০৩:১২

ব্যান্ড সংগীতের গীতিকবি লতিফুল ইসলাম শিবলী এবার বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালকের দায়িত্ব পেলেন। এক বছরের জন্য তাকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার। এর আগে তিনি কবি নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

রোববার (২৯ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। 

প্রজ্ঞাপন অনুযায়ী, গ্রেড-১ পদমর্যাদায় তাকে এ নিয়োগ দেওয়া হয়েছে। যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছর তিনি এ দায়িত্ব পালন করবেন। নিয়োগের শর্ত অনুযায়ী, অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগ করতে হবে তাকে।

নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্র দিয়ে নির্ধারণ করা হবে।

নতুন দায়িত্ব পাওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের অনুভূতি জানিয়েছেন লতিফুল ইসলাম শিবলী। এক পোস্টে তিনি লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ। আমার ওপর বিশ্বাস এবং আস্থা রাখার জন্য সরকারকে ধন্যবাদ।’

অন্যদিকে পৃথক প্রজ্ঞাপনে শিল্পকলা একাডেমির পরিচালক পদেও সাতজনকে এক বছরের জন্য চুক্তিতে নিয়োগ দিয়েছে সরকার।

নিয়োগপ্রাপ্তরা হলেন-শাহনাজ পারভীন লিপি, আব্দুল হালিম চঞ্চল, সারমিন সুলতানা ইসলাম, বৈশাখী সমদ্দার, শাহীন দিল-রিয়াজ, দীপক কুমার গোস্বামী ও ড্যানিয়েল আফজালুর রহমান।

প্রজ্ঞাপন অনুযায়ী, অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে তাদের এ নিয়োগ দেওয়া হয়েছে।

 
ইত্তেফাক/এমএস