জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, 'বঙ্গবন্ধু হত্যাকাণ্ড ছিল স্বাধীনতা বিরোধীদের একটি সুপরিকল্পিত রাজনৈতিক হত্যাকাণ্ড।' রবিবার সকালে রাজধানীর প্রেস কাউন্সিল মিলনায়তনে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের শাহবাগ থানা শাখার উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, 'স্বাধীন সার্বভৌম বাংলাদেশকে পাকিস্তানের অঙ্গরাজ্য বানানোর মহাপরিকল্পনা বাস্তবায়ন করতেই এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছিল। ঘাতকচক্র বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতাকে হত্যা করে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার চেতনাকে মুছে ফেলতে চেয়েছিল।'
তিনি আরও বলেন, 'তারা সংবিধানকে কেটে ছিঁড়ে ভূলুণ্ঠিত করেছিল। ইনডেমনিটি অধ্যাদেশ জারি করে বঙ্গবন্ধু হত্যার বিচার বন্ধ করেছিল। বাংলাদেশ এখনো বিএনপি জামাতের ষড়যন্ত্রের টার্গেট হয়ে রয়েছে। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে ফসল কাটা ইঁদুর ও জামাতের মোল্লাদের দেশ-বিরোধী ষড়যন্ত্র প্রতিরোধ করতে হবে।' এ সময় শেখ হাসিনার নেতৃত্বে একটি সুখী-সমৃদ্ধ বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে মুক্তিযুদ্ধের স্বপক্ষের সকল শক্তির প্রতি আহ্বান জানান তিনি।
আরও পড়ুন: ‘আগামীতে ডেঙ্গু নিয়ন্ত্রণে মাস্টার প্ল্যান তৈরির নির্দেশ দেওয়া হয়েছে’
বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহ-সভাপতি সাংবাদিক রেদুয়ান খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এডভোকেট শামসুল হক টুকু, আওয়ামী লীগ নেতা এডভোকেট বলরাম পোদ্দার, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সিনিয়র সহ-সভাপতি ও স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠশিল্পী রফিকুল আলম ও জোটের সাধারণ সম্পাদক অরুন সরকার রানা।
ইত্তেফাক/জেডএইচডি
