ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ১০ মেধাবী শিক্ষার্থী অধ্যাপক সিতারা পারভীন পুরস্কার পেয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০১৮ সালের বিএসএস (সম্মান) পরীক্ষায় অসাধারণ ফলাফল অর্জন করায় তারা এ পুরস্কার পেলেন।
আজ সোমবার বিশ্ববিদ্যালয়ের আর. সি. মজুমদার আর্টস মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান শিক্ষার্থীদের হাতে সনদপত্র ও চেক তুলে দেন।
পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন- মেহজাবিন বশির তুলি, শারমিন জাহান জোহা, ফায়েজ আহমেদ, আবদুর রাজ্জাক সোহেল, তন্ময় সাহা জয়, নম্রতা তালুকদার অর্পা, তাহমিনা আক্তার জেনি, সুমাইয়া তানিম, শামিমা নাসরিন ও মেহেরুন নাহার মেঘলা।
গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক ড.কাবেরী গায়েনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন ঢাকা বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ও সেন্টার ফর জেনোসাইড স্টাডিজের পরিচালক ড. ইমতিয়াজ আহমেদ।
আরো পড়ুন: প্রথমবারের মতো বাংলাদেশ সফরে শ্রীলঙ্কার দুই যুদ্ধজাহাজ
উল্লেখ্য, সাবেক রাষ্ট্রপতি বিচারপতি শাহাবুদ্দীন আহমদের কন্যা এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. আহাদুজ্জামান মোহাম্মদ আলীর স্ত্রী অধ্যাপক ড. সিতারা পারভীন ২০০৫ সালের ২৩ জুন যুক্তরাষ্ট্রে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হন। তাঁর স্মৃতির উদ্দেশ্যে পরিবারের পক্ষ থেকে ঢাবি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে ‘অধ্যাপক সিতারা পারভীন পুরস্কার’ প্রবর্তন করা হয়।
ইত্তেফাক/এমআই
