আমাদের সামনে আরও বড় সম্ভাবনা অপেক্ষমান, দরকার শুধু ধারাবাহিকতা: পরিকল্পনামন্ত্রী

আপডেট : ০৮ ডিসেম্বর ২০১৮, ০০:০১

পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রগতিশীল নেতৃত্বের স্বীকৃতি আজ বিশ্বব্যাপী স্বীকৃত। গত দশ বছর তার দৃঢ় নেতৃত্বে সারা দেশে উন্নয়নের জোয়ার ছিল। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে যদি আমরা আবার দায়িত্বভার গ্রহণ করতে পারি তাহলে আমাদের সামনে আরও বড় সম্ভাবনা অপেক্ষমান। প্রধানমন্ত্রী ইতোমধ্যে ঘোষণা দিয়েছেন আগামী ৩ বছরের মধ্যে প্রবৃদ্ধি অর্জিত হবে ১০ ভাগের কাছাকাছি, যেটি বর্তমানে আছে প্রায় ৮ ভাগ। শুক্রবার বিকালে কুমিল্লা-১০ আসনের লালমাই উপজেলার আমুয়া এলাকায় উঠান বৈঠকে সর্বসাধারণের উদ্দেশ্যে মন্ত্রী এসব কথা বলেন।

পরিকল্পনামন্ত্রী আরও বলেন, আমরা যদি ১০ ভাগ প্রবৃদ্ধি অর্জন করতে পারি তাহলে উন্নয়নের হাত ধরে আমাদের দারিদ্রের হার অনেক কমে যাবে, শিক্ষার আরো উন্নতি হবে, ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি হবে। এখন আমাদের লক্ষ্য হচ্ছে প্রতি বছর ৪০ থেকে ৫০ লাখ কর্মসংস্থান সৃষ্টি করা। এটি সৃষ্টি হবে শুধু ফরমাল খাতে। পাশাপাশি আমরা দেশের বিভিন্ন এলাকায় ১০০টি স্পেশাল ইকনোমিক জোন প্রতিষ্ঠা করছি। এগুলোর বাস্তবায়নের মাধ্যমে আমাদের কর্মসংস্থান অত্যন্ত গতিশীল হবে। দেশে বিদেশি কর্মসংস্থানও ব্যাপক হারে চলমান রয়েছে। এছাড়া আমাদের সেবা খাতও অনেক বিকশিত। এই সেবা খাতের বা আইসিটি খাতের মাধ্যমে আরও অনেক কর্মসংস্থান সৃষ্টি করতে পারব। আমাদের আইসিটি খাতের শক্তিশালী ভিত্তি আমরা ইতোমধ্যে তৈরী করে ফেলেছি। আগামীতে এটি পূর্ণমাত্রায় বিকশিত হয়ে আরও বেশী গতিশীল হবে, যার মাধ্যমে অর্থনীতি আরও বেশী বেগবান হবে। আর এসকল অর্থনৈতিক অগ্রগতি ধরে রাখার জন্য দরকার সরকারের ধারাবাহিকতা রক্ষা করা। সরকারের ধারাবাহিকতা রক্ষা করতে পারলে আমাদের উন্নয়ন আরো বেশী গতিশীল হবে, যার প্রমাণ ইতোমধ্যে দেশের জনগণ পেয়েছে।

তিনি বলেন, আগামী ২০৩০ সাল নাগাদ আমাদের শক্তিশালী স্বাস্থ্য ব্যবস্থা এবং অর্থবহ শিক্ষা ব্যবস্থাসহ সুন্দর জীবনের প্রতিশ্রুতির সকল কিছু আমরা দেখতে পাবো। তাই জাতির পিতার স্বপ্নের অর্থনৈতিক মুক্তি অর্জনের জন্য সুযোগ্য নেতৃত্বের বর্তমান প্রধানমন্ত্রীকে আরেকবার সুযোগ দেয়ার জন্য তিনি সকলের প্রতি আহবান জানিয়েছেন। এ সময় জেলার সদর দক্ষিণ ও লালমাই উপজেলাসহ স্থানীয় এলাকার আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।