রংপুরে হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

আপডেট : ২৮ আগস্ট ২০১৯, ১৯:৪৪

রংপুরের পীরগঞ্জে হত্যাকাণ্ডের ১৭ বছর পর ১০ আসামির যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন রংপুরের বিশেষ জজ আদালত। বুধবার দুপুরে রংপুরের বিশেষ জজ আহসান তারেক  তার আদালতে এ রায় প্রদান করেন।

মামলার বিবরণে জানা গেছে, ২০০২ সালের ১৪ জানুয়ারি রংপুরের পীরগঞ্জ উপজেলার খালাসপীর গ্রামের মদনখালি গ্রামের কৃষক আব্দুস সাত্তারকে কুপিয়ে হত্যা করে আসামিরা। এ ঘটনায় নিহতের ছেলে আব্দুর রাজ্জাক বাদী হয়ে পীরগঞ্জে থানায় ১০ আসামির নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করেন।

তারা হলেন- ফুলু মিয়া, ছকমল হোসেন, এনসান আলী, মন্টু মিয়া, আকমল হোসেন, মনোহর বর্ম্মন, সাইফুল ইসলাম, শাহাজাহান মিয়া, আবেদ আলী ও দুলা মিয়া। পুলিশ তদন্ত শেষে ১০ আসামির বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে। মামলায় বাদী পক্ষের ১৮ জন সাক্ষীর সাক্ষ্য ও জেরা শেষে দীর্ঘ ১৭ বছর পর এই দশ আসামিকে দোষী সাব্যস্ত করে বিজ্ঞ বিচারক যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন। মামলায় দশ আসামির মধ্যে আসামি ছকমল হোসেন, এনসান আলী, সাইফুল ইসলাম ও দুলা মিয়া রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন। বাকী ৬ আসামি পলাতক রয়েছেন।

সরকার পক্ষে মামলা পরিচালনা করেন জয়নাল আবেদীন অরেঞ্জ অ্যাডভোকেট। তিনি জানান, এতদিন মামলাটি অন্য আদালতে বিচারাধীন ছিলো কিছুদিন আগে বিচারের জন্য বিশেষ আদালতে আসে। সাক্ষ্য ও জেরা শেষে আসামিদের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। এ রায়ে বাদী পক্ষ সন্তোষ প্রকাশ করেছেন বলে জানান। অন্যদিকে আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট খাতুনে জান্নাত সুইট জানান, এ রায়ের বিরুদ্ধে তারা উচ্চ আদালতে আপিল করবেন।

ইত্তেফাক/আরকেজি