যশোরের চৌগাছায় সাত বছর বয়সী এক বালক বলাৎকারের শিকার হয়েছে। শুক্রবার দুপুরে চৌগাছা উপজেলার খড়িঞ্চা নওদাপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। অভিযুক্ত ফিরোজ হোসেন (১৮) স্থানীয় তরিকুল ইসলাম পৌর কলেজের একাদশ শ্রেণির ছাত্র।
ঘটনার শিকার বালকটি একই গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র। শিশুটিকে উদ্ধার করে প্রথমে চৌগাছা হাসপাতালে ভর্তি করা হয়। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
শুক্রবার দুপুর দেড়টার দিকে গ্রামে বলাৎকারের এ ঘটনা ঘটলেও সন্ধ্যা ৬টার দিকে অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ায় তাকে হাসপাতালে নেওয়া হয়। থানায় জানানো হলে বিষয়টি প্রকাশ্যে আসে।
শিশুটির পিতা জানান, বাড়ির পাশে খেলার কোনো এক সময় গ্রামের শরিফুলের ছেলে ফিরোজ শিশুটিকে তুলে একটি ঘরে নিয়ে যায়। সেখানে বালাৎকার করে পালিয়ে যায়। শিশুটি পরিবারের কাছে এসে জানালে প্রাথমিক চিকিৎসা দেয়ার চেষ্টা করা হয়। তাতেও অবস্থার অবনতি হলে তাকে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে যশোরে রেফার করেছেন।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সুব্রত কুমার বাগচী জানিয়েছেন, শিশুটিকে বলাৎকার হয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে রেফার করা হয়েছে।
আরও পড়ুন: নান্দাইলে নিখোঁজ মাদ্রাসা ছাত্রের সন্ধান চেয়ে জিডি
চৌগাছা থানার এসআই নজরুল ইসলাম বলেন, খবর পেয়ে থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে অবস্থান করছে। অভিযুক্তকে আটকের চেষ্টা চলছে।
ইত্তেফাক/নূহু
