ইরানের আকাশসীমায় অনুপ্রবেশকারী মার্কিন অত্যাধুনিক গোয়েন্দা ড্রোন ‘গ্লোবাল হক’ ভূপাতিত করার ঘটনায় বিশ্ববাসী জেনে গেছে, আমেরিকা আসলে একটি কাগুজে বাঘ। ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র অ্যারোস্পেস ডিভিশনের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজিযাদে এ মন্তব্য করেছেন।
তিনি বৃহস্পতিবার তেহরানে এক সামরিক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে আরো বলেন, ইরানের বিরুদ্ধে ব্যাপক সমরসজ্জা প্রদর্শন করে তেহরানের ওপর মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি করার যে কৌশল আমেরিকা নিয়েছিল ড্রোন বিধ্বস্ত করার ঘটনায় তা ভণ্ডুল হয়ে গেছে।
তিনি বলেন, “আমরা এ বিষয়ে নিশ্চিত ছিলাম যে, আমেরিকা ইরানের ওপর হামলা করবে না বরং হামলার আবহ তৈরি করে তেহরানকে আলোচনার টেবিলে নিতে বাধ্য করাই ছিল মধ্যপ্রাচ্যে ব্যাপক সমরসজ্জার পেছনে আমেরিকার মূল উদ্দেশ্য।” কিন্তু মার্কিন ড্রোন ভূপাতিত করে তেহরান ওয়াশিংটনের সে ষড়যন্ত্র নস্যাৎ করে দিয়েছে বলে তিনি উল্লেখ করেন।
জেনারেল হাজিযাদে বৃহস্পতিবার তার বক্তব্যে আরো বলেন, সমরাস্ত্র ও শক্তিমত্তার দিক দিয়ে ইরান আজ এমন অবস্থানে পৌঁছেছে যে, তার পক্ষে আমেরিকার অত্যাধুনিক গোয়েন্দা বিমানও গুলি করে ভূপাতিত করা সম্ভব।
ইত্তেফাক/এসআর
