জায়গা হলো না ধোনির

আপডেট : ৩১ আগস্ট ২০১৯, ০০:৪২

অনুমিতভাবেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভারতের টি-টোয়েন্টি দলে জায়গা হলো না সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির। ওয়েস্ট ইন্ডিজ সফরের দল থেকে একটি মাত্র পরিবর্তন এনেছে ভারত। পেসার ভুবেনশ্বর কুমারের পরিবর্তে দলে ফিরেছেন অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া।

ইংল্যান্ডের বিশ্বকাপের পরই ছুটি নেন ধোনি। ফলে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে তিনি বিবেচিত হননি। তার পরিবর্তে উইকেটরক্ষণটা সামলান ঋষভ পান্ত। আর নির্বাচকরা এবারো ভরসা রাখল পান্তের ওপর। তারা আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে পান্তকেই বেশি সুযোগ দেওয়ার পক্ষে মত দিয়েছেন।

এবার টি-টোয়েন্টি সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে পেসার জসপ্রিত বুমরাহকে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজের কথা চিন্তা করেই বুমরাহকে টি-টোয়েন্টিতে বিশ্রামে রাখার সিদ্ধান্ত নিয়েছেন বোর্ড অব কনট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) নির্বাচক কমিটি।

ভুবেনশ্বর ও বুমরাহর অনুপস্থিতিতে মোটামুটি অনভিজ্ঞ পেস আক্রমণ নিয়ে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে ভারত। পেস বিভাগে রয়েছেন নবদ্বীপ সাইনি, দীপক চাহার ও খলিল আহমেদ। তিন জনে মিলে মোটে ১১টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন।

দুই স্পিনার যুজবেন্দ্রা চাহাল ও কুলদীপ যাদবকেও বিশ্রাম দেওয়া হয়েছে। তবে ভারতের স্পিন সামলানোর দায়িত্ব পড়েছে দুই অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা, ক্রুনাল পান্ডিয়া এবং অফস্পিনার ওয়াশিংটন সুন্দর ও লেগস্পিনার রাহুল চাহারের ওপর।

সেপ্টেম্বরের ১৫ তারিখ ধর্মশালায় শুরু হবে তিন ম্যাচের এই টি-টোয়েন্টি সিরিজ। সিরিজের বাকি দুইটি ম্যাচ অনুষ্ঠিত হবে মোহালি (১৮ সেপ্টেম্বর) ও ব্যাঙ্গালুরুতে (২২ সেপ্টেম্বর)।

ভারতের টি-টোয়েন্টি দল

বিরাট কোহলি (অধিনায়ক), মনিষ পান্ডিয়া, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, রোহিত শর্মা, শিখর ধাওয়ান, ঋসভ পান্ত, রবীন্দ্র জাদেজা, হার্দিক পান্ডিয়া, ক্রুনাল পান্ডিয়া, নবদ্বীপ সাইনি, দীপক চাহার, খলিল আহমেদ, ওয়াশিংটন সুন্দর এবং রাহুল চাহার।

ইত্তেফাক/এসআর