কাঙ্খিত লক্ষ্যে পৌঁছতে দক্ষ মানবসম্পদ তৈরি খুবই প্রয়োজন: ইউজিসি চেয়ারম্যান

আপডেট : ০৮ ডিসেম্বর ২০১৮, ১৯:২৩

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নান বলেছেন, ‘২০২১ সালের মধ্যে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে এবং ২০৪১ সালের মধ্যে উন্নত দেশে পরিণত করার জন্য বর্তমান সরকারের নেতৃত্বে নিরন্তর উন্নয়নযজ্ঞ চলছে। কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাতে আমাদের দক্ষ মানবসম্পদ তৈরি খুবই প্রয়োজন। আমাদের দক্ষ কর্মী তৈরির পাশাপাশি উদ্যোক্তাও তৈরি করতে হবে। তৈরি করতে হবে সৎ ও দেশপ্রেমিক নেতৃত্ব। আমরা সেই প্রত্যয় নিয়ে এগিয়ে যেতে চাই। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ার গর্বিত অংশীদার হতে চাই।’

শনিবার দুপুরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউট অব বিজনেস এডমিনিস্ট্রেশনের (আইবিএ) ৫ম গ্রাজুয়েশন প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম আব্দুস সোবহানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইউজিসি সদস্য অধ্যাপক এম শাহ নওয়াজ আলী, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া ও কোষাধ্যক্ষ অধ্যাপক একেএম মোস্তাফিজুর রহমান আল-আরিফ।

আরো পড়ুন: শ্রীবরদীতে মুক্তিযোদ্ধার বাড়িতে হামলা-ভাঙচুর, আহত ৫

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ইন্সটিটিউটের পরিচালক প্রফেসর একে শামসুদ্দোহা এবং ধন্যবাদ জ্ঞাপন করেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এম এ বারী।

অনুষ্ঠানে অংশগ্রহণকারী ১২টি ব্যাচের প্রতিটি পরীক্ষায় শীর্ষ স্থান অধিকারী ১২ জন স্নাতককে স্বর্ণপদকে ভূষিত করা হয়। এ সময় এক্সিকিউটিভ এমবিএ, এমবিএ ইভিনিং, এমবিএ ডে ও এমবিএ ফর বিবিএ গ্রাজুয়েটস কোর্সের ৪৩৪ জনকে গ্রাজুয়েশন প্রদান করেন উপাচার্য।

ইত্তেফাক/বিএএফ