মতলবে তিন শিশুর মৃত্যু নিয়ে রহস্য

আপডেট : ৩১ আগস্ট ২০১৯, ২১:১২

মতলব পৌরসভার পূর্ব কলাদী জামে মসজিদের ইমামের কক্ষ থেকে উদ্ধার হওয়া তিন শিশুর মৃত্যু নিয়ে বেঁধেছে রহস্যের জাল। স্থানীয়দের মতে তাদেরকে খাবারের সঙ্গে বিষ মিশিয়ে হত্যা করা হয়েছে বলে গুঞ্জন ওঠেছে। 

এদিকে ওই তিন শিশুর লাশ ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতালে নিতে কালক্ষেপণ করার অভিযোগে কনস্টেবল জাহাঙ্গীর আলমকে থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

থানা সূত্রে জানা যায়, এ ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে, তবে মৃতদের স্বজনদের পক্ষ থেকে কোন মামলা দায়ের করা হয়নি। আজ (শুক্রবার) রাতেই ঢাকা থেকে সিআইডির ফরেনসিক বিশেষজ্ঞ, ক্রামইসিন এনালাইসিস দল ও পিবিআই প্রতিনিধি দল ঘটনাস্থল পরিদর্শন করে নমুনা নিয়ে গেছেন। লাশগুলো ময়নাতদন্তের পুর্ণাঙ্গ প্রতিবেদন পেলে রহস্যের জট খুলবে বলে আশা করা হচ্ছে।

আরো পড়ুন: রোহিঙ্গা ক্যাম্পে বেআইনি কাজে জড়িত ৪১ এনজিওকে প্রত্যাহার

থানার ওসি স্বপন কুমার আইচ বলেন, ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। এদিকে ময়নাতদন্তের লাশ পাঠানো গাফিলতির জন্য এক কনস্টেবলকে থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনে পাঠানো হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কিছু পরামর্শ ও নির্দেশনা দিয়েছেন। সেই অনুযায়ী তদন্ত কাজ চলছে।

ময়নাতদন্তের বিষয়ে চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার সুজাদ্দৌলা রুবেল বলেন, ময়নাতদন্তের প্রাথমিক কাজ সম্পন্ন হয়েছে। এখনই কিছু বলা যাচ্ছে না, মরদেহ থেকে নমুনা সংগ্রহ করে রাসায়নিক পরীক্ষার জন্য কুমিল্লা ও চট্টগ্রামে পাঠানোর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এদিকে শনিবার সন্ধ্যা ৬টায় ভাঙ্গারপাড় বালুর মাঠে রিফাত ও ইব্রাহিমের নামাজের জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

ইত্তেফাক/জেডএইচ