কক্সবাজারের চকরিয়ায় বজ্রপাতে নারীসহ দুইজন নিহত হয়েছেন। শনিবার সন্ধ্যা ৭টার দিকে ডুলাহাজারা ইউনিয়নের দক্ষিণ বালুরচর ও পাগলিরবিল এলাকায় পৃথক বজ্রপাতে এ মৃত্যুর ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কক্সবাজারের চকরিয়ার ডুলাহাজারা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের দক্ষিণ বালুরচর এলাকার নুর আহামদ ওরফে ঠান্ডু মাঝির ছেলে নুরুল আবছার (৩৮) ও একই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পাগলিরবিল এলাকার রাম হরি মল্লিকের স্ত্রী শেলী মল্লিক (৫১)।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ডুলাহাজারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আমিন বলেন, ইউনিয়নের বালুরচর ও পাগলিরবিল এলাকায় বজ্রপাতে নুরুল আবছার ও শেলী মল্লিক নামে দুইজন নিহত হয়েছেন। তাদের মধ্যে নুরুল আবছার মৎস্য প্রকল্প থেকে মাছ নিয়ে আসার সময় ও শেলি মল্লিক গোয়াল ঘরে গরু ঢোকাতে গিয়ে বজ্রপাতের শিকার হয়ে মারা যায়।
আরো পড়ুন: ধানমন্ডিতে পুলিশকে লক্ষ্য করে বোমা নিক্ষেপ, আহত ১
চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুরুদ্দীন মোহাম্মদ শিবলী নোমান জানান, ডুলাহাজারায় এক মৎস্য শ্রমিক ও গৃহবধূ বজ্রপাতে মারা গেছেন বলে ইউপি চেয়ারম্যান জানিয়েছেন।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, মরদেহগুলো নিজ নিজ বাড়িতে রয়েছে।
ইত্তেফাক/এমআই
