অশুভবিনাশী শক্তির কবি নজরুলকে স্মরণ

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০১৯, ০৩:২৩

সম্মেলক কণ্ঠে ছায়ানটের শিল্পীদের ‘এসেছি তব দ্বারে ভক্তি-শূন্য প্রাণে। করুণাময় প্রভু ! কর হে পূর্ণ দানে।’— গানে নজরুলেরই এই আহ্বান যেন সকলের কাছে প্রার্থনা হয়ে ধরা দিল। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম যেন তার গানের কথার মতোই আমাদের কাছে কখনো প্রেরণার আধার, কখনো বিদ্রোহের, প্রেমের প্রতীক হয়ে ধরা দেন। বিপ্লবে শক্তি জোগাতে, হতাশায় মনে আশার আলো জ্বালান আমাদের জাতীয় কবি কাজী নজরুল। তার কবিতায়, গানের পঙিক্তমালার ভেতর দিয়ে আজও জাতির ক্রান্তিকালে তিনি উপস্থিত হন অশুভবিনাশী শক্তি রূপে। সম্মেলক কণ্ঠে শিল্পীরা গেয়ে ওঠেন ‘জাগো অমৃত-পিয়াসী চিত’।

শনিবার ছায়ানট আয়োজন করেছিল জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে স্মরণ অনুষ্ঠানের। গানে, কবিতার উচ্চারণে শিল্পীরা শ্রদ্ধার অর্ঘ্য অর্পণ করলেন কবির স্মৃতির উদ্দেশে। ছায়ানট ভবন মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে নজরুলের বৈচিত্র্যময় সুর-ঐশ্বর্যের সম্মোহন আর অসাম্প্রদায়িক মানবতার বাণী উচ্চারণের মধ্য দিয়ে ছায়ানট স্মরণ করল তাকে। সাম্যবাদী ও দ্রোহী চেতনার ধারক বাংলাদেশের জাতীয় কবির জীবনবোধ শিল্পীরা গানে, কবিতায় ফুটিয়ে তোলেন।

একক কণ্ঠে নজরুল সংগীত গেয়ে শোনান মৌমিতা সরকার মুমু ‘হে প্রিয় আমারে দিব না ভুলিতে’, শুক্লা পাল সেতু ‘বল্ রে জবা বল্’, কানিজ হুসনা আহম্মাদী ‘কেনো আন ফুল-ডোর’, অর্পিতা চক্রবর্তী ‘ওগো অন্তর্যামী ভক্তের তব’, তমা সরকার ‘ঘুমিয়ে গেছে শ্রান্ত হয়ে’, পপি আক্তার ‘পরাণ-প্রিয়! কেন এলে অবেলায়’, সুস্মিতা দেবনাথ শুচি ‘মনে পড়ে আজ’, শেখর মণ্ডল ‘মেঘে মেঘে অন্ধ অসীম’, সুদীপ্ত শুভ ‘সাঁঝের পাখিরা ফিরিল’, সুস্মিতা দাস ‘তোমার বীণার মূর্ছনাতে’। সম্মেলক কণ্ঠে শিল্পীরা আরো গেয়ে শোনান ‘বেদনার সিন্ধু মন্থন শেষ’ ও ‘নীরন্ধ্র মেঘে মেঘে’। নজরুলের কবিতা পাঠ করেন কৃষ্টি হেফাজ ও জাহীদ রেজা নূর। সবশেষে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শেষ হয় অনুষ্ঠান।

ইএমকে সেন্টারে প্রদর্শনী

শনিবার বিকালে রাজধানীর ইএমকে সেন্টারে শুরু হয়েছে তরুণ শিল্পী সাদেক আহমেদের একক চিত্র প্রদর্শনী। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিল্পী মনিরুল ইসলাম, বিশেষ অতিথি আবুল বারক আলভী। সাদেক আহমেদ জলরঙে এ ছবিগুলো এঁকেছেন তিনি। গ্রাম, শহরের পাশাপাশি পুরোনো শহর, পরিত্যক্ত শহরকে ফ্রেমে তুলে ধরেছেন তিনি। প্রদর্শনীতে ৩০টি ছবি রয়েছে। প্রদর্শনী চলবে ৫ সেপ্টেম্বর পর্যন্ত, সকাল সাড়ে ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত।

ইত্তেফাক/এমআই