রোহিঙ্গাদের ইন্ধন দিচ্ছে সরকার: গয়েশ্বর

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০১৯, ০৫:২২

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, নিজের স্বার্থেই কাদের সিদ্দিকী জাতীয় ঐক্যফ্রন্ট থেকে বের হয়ে গেছেন। আমরা জানি যে আপনি আপনার রাজনৈতিক স্বার্থ বিবেচনায় ফ্রন্টে এসেছিলেন। আর নিজের স্বার্থ রক্ষা হয়নি বলেই সেখান থেকে আপনি ফেরত যাবেন, এটা অস্বাভাবিক কিছু না। রোহিঙ্গাদের ইন্ধন দিচ্ছে কারা- পররাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, রোহিঙ্গাদের ইন্ধন দিচ্ছে সরকার। যদি না দেয় তাহলে তারা লাখ লাখ লোক সমবেত হয়ে সমাবেশ করে কীভাবে?

শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ সকল রাজবন্দির মুক্তির দাবি’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। সভা আয়োজন করে জাতীয়তাবাদী প্রজন্ম ৭১ নামে একটি সংগঠন। আয়োজক সংগঠনের সভাপতি ঢালী আমিনুল ইসলাম রিপনের সভাপতিত্বে সভায় জাতীয় পার্টির (কাজী জাফর) প্রেসিডিয়াম সদস্য আহসান হাবিব লিংকন, বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ প্রমুখ বক্তব্য রাখেন।

নেতাকর্মীদের উদ্দেশ্য করে গয়েশ্বর রায় বলেন, খালেদা জিয়া জনগণের মাঝে ফিরবেন। কারণ জনগণের আদালতে খালেদা জিয়া এখনো দোষী সাব্যস্ত হন নাই। যদিও শেখ হাসিনা চান, কারাগারে বেগম জিয়াকে মৃত্যুর মুখোমুখি দাঁড় করাতে। কারণ বেগম জিয়ার মৃত্যু হলে তিনিই সবচেয়ে বেশি খুশি হবেন।

ইত্তেফাক/এমআই