সরকার গঠনে জনগণের রায় ছাড়া কোন বিকল্প নেই মন্তব্য করে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ‘এ দেশের মানুষ শান্তি চায়। উন্নয়ন চায়। কেউ অন্ধকারে ফিরে যেতে চায় না। কেউই জঙ্গিবাদের শাসন চায় না।’
শনিবার তার নির্বাচনী এলাকায় কাজিপুরের সোনামুখী ইউনিয়নে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘প্রার্থীরা মনোনয়ন চূড়ান্ত করার পর গ্রামগঞ্জে নির্বাচনী উৎসব শুরু হয়েছে। দেশ এখন নির্বাচনী জোয়ারে ভাসছে। বাংলার মানুষ বিশ্বাস করে শেখ হাসিনা ছাড়া কোন বিকল্প নেই। গত ১০ বছরে দেশের যে উন্নয়ন হয়েছে দেশ অন্ধকার থেকে আলোর পথে এগিয়ে মহাকাশ বিজয় হয়েছে। সমুদ্র সীমানা অর্জন হয়েছে। এসব সম্ভব হয়েছে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে।’
আরো পড়ুন: দলের বিদ্রোহীরা প্রার্থিতা প্রত্যাহার করে নেবেন: নানক
ঐক্যফ্রন্টের প্রার্থীদের উদ্দেশ্য করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘নির্বাচনে মনোনয়ন চূড়ান্ত করেছেন সুখের কথা, আনন্দের খবর। কিন্তু নির্বাচনকে কেন্দ্র করে কোন চক্রান্ত করা হলে এদেশের জনগণ ভোটের মাধ্যমে তার সমুচিত জবাব দেবে। ঐক্যফ্রন্টের নামে কতিপয় রাজনৈতিক এতিম বিএনপি জোটের সাথে হাত মিলিয়ে নির্বাচনে অংশ নিয়ে স্রোতে গা-ভাসাতে চাচ্ছেন। জন-বিচ্ছিন্ন এসব নেতাদেরও জনগণ ভোটের মাধ্যমে জবাব দেবে। নির্বাচনে তাদের চরম পরাজয় হবে।’
সোনামুখী ইউনিয়ন আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজগর আলী। এ সময় বক্তব্য দেন- উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত হোসেন, সাধারণ সম্পাদক খলিলুর রহমান, ইউপি চেয়ারম্যান শাহজাহান আলী, উজ্জ্বল কুমার ভৌমিক ও নুরুল ইসলাম মাস্টার।
ইত্তেফাক/বিএএফ
