টাঙ্গাইলের বাসাইল উপজেলার বাসুলিয়ায় (চাপড়া বিল) ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। নৈসর্গিক সৌন্দর্যের নীলাভূমি বাসুলিয়ায় গ্রাম-বাংলার শত বছরের ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় প্রতিবছর। প্রয়াত মুক্তিযোদ্ধা আব্দুল মালেক মিয়া স্মৃতি সংসদের আয়োজনে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
নৌকাবাইচ দেখতে সোমবার বিকালে দর্শণার্থীদের ঢল নামে ওই এলাকায়। জেলার অন্যতম বিনোদনমূলক এ প্রতিযোগিতায় বিভিন্ন জেলা ও উপজেলা থেকে লক্ষাধিক মানুষের সমাগম হয়। প্রতিযোগিতায় সিপাই নৌকার মধ্যে ভূয়াপুর উপজেলার গাবসারা ইউনিয়নের ‘আল্লাহ ভরসা’ নামের নৌকাটি চ্যাম্পিয়ন হয়। এছাড়াও খেল্লা নৌকার মধ্যে ‘নথখোলা আদর্শ তরী’ নৌকাটি চ্যাম্পিয়ন হয়। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। প্রতিযোগিতায় প্রায় ২০ টি নৌকা অংশগ্রহণ করে।
উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী অলিদ ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় এমপি অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম। অনুষ্ঠানের উদ্বোধন করেন টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম। প্রধান আলোচক ছিলেন ঢাকার বিআরবি হাসপাতালের চীফ কনসালটেন্ট অধ্যাপক ডা. আব্দুস সামাদ। এছাড়াও টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা শামছুন নাহার স্বপ্না, সহকারী কমিশনার (ভূমি) আশরাফুন নাহার, এটিএম গ্রুপের এম ডি দিলিপ কুমার সাহা, বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম তুহিন আলী প্রমুখ উপস্থিত ছিলেন।
ইত্তেফাক/এএম
