৩৮ লাখ বছর আগের খুলি কি পূর্বপুরুষের?

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০১৯, ০১:২২

ইথিওপিয়ার গবেষকরা প্রায় ৩৮ লাখ বছর আগের একটি মাথার খুলি খুঁজে পেয়েছেন। ধারণা করা হচ্ছে, প্রথম দিকের মানুষের মতো দেখতে এপ প্রজাতির পূর্বজদের কারো খুলি এটি। নতুন এই নমুনাটির বিশ্লেষণ, এপ প্রজাতির বানর থেকে মানুষে রূপান্তরিত হওয়ার বিবর্তন প্রক্রিয়ার ধারণাকে চ্যালেঞ্জ করেছে। নতুন মতবাদ বলছে, লুসি নামে এপ প্রজাতির বানর থেকে প্রথম মানুষের উত্পত্তি হওয়ার যে মতবাদ প্রচলিত আছে তা আবার বিবেচনা করার সুযোগ সৃষ্টি হয়েছে। এই আবিষ্কার সম্পর্কে প্রতিবেদন প্রকাশিত হয়েছে ন্যাচার জার্নালে। লন্ডনের ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়ামের সঙ্গে জড়িত অধ্যাপক ফ্রেড স্পুর ন্যাচার জার্নালে করা এক মন্তব্যে বলেছেন, ‘দেখে মনে হচ্ছে, মানুষের বিবর্তনের আরেক আইকন হতে যাচ্ছে এই আনামেনসিস।’

ইথিওপিয়ার আফার রাজ্যের মিল্লা জেলার মিরো দোরা এলাকায় মাথার খুলিটি খুঁজে পান অধ্যাপক ইয়োহানেস হাইলি সেলাইসি। যুক্তরাষ্ট্রের ওহাইয়োর ক্লিভল্যান্ড মিউজিয়াম অব ন্যাচারাল হিস্ট্রির সাথে যুক্ত এই বিজ্ঞানী বলেছেন, খুঁজে পাওয়ার পর তিনি এই খুলিটির গুরুত্ব বুঝতে পেরেছিলেন। ইয়োহানোস হাইলি সেলাইসি বলেন, আমি নিজেই নিজেকে বলি, আমি যা দেখছি সেটি কি আসলেই সত্যি? তারপর হঠাত্ই আমি লাফিয়ে উঠি এবং বুঝতে পারি যে, এটিই আমার সারা জীবনের স্বপ্ন ছিল। মানুষের পূর্বপুরুষ হিসেবে পরিচিত এপ প্রজাতির এ পর্যন্ত পাওয়া নমুনাগুলোর মধ্যে সবচেয়ে ভালো অবস্থায় রয়েছে এটি।

ওই প্রজাতিটির বৈজ্ঞানিক নাম ‘অস্ট্রালোপিথিকুস আনামেনসিস’- সবচেয়ে পুরনো অস্ট্রালোপিথিসিন যা প্রায় ৪২ লাখ বছর আগে পৃথিবীতে বাস করত। ধারণা করা হয়, আনামেনসিস ছিল আরো উন্নত প্রজাতি যা অস্ট্রালোপিথিকুস আফারেনসিস নামে পরিচিত তার সরাসরি বংশধর। এই উন্নত প্রজাতিটি প্রাথমিক মানুষের প্রথম জেনাস বা বর্গ বা দল যা হোমো নামে পরিচিত ছিল তাদের পূর্বজ। আধুনিক যুগের মানুষের বর্গকেও হোমো বলা হয়।

এর আগে ১৯৭৪ সালে আবিষ্কার হওয়া প্রথম আফারেনসিস কংকাল নিয়েও বেশ আলোড়ন সৃষ্টি হয়েছিল। তার নাম দেওয়া হয়েছিল লুসি। বিটলসের বিখ্যাত গান ‘লুসি ইন দ্য স্কাই উইথ ডায়মন্ডস’ খননের সাইটে বাজার সময় কংকালটি আবিষ্কার করা হয়েছিল বলে সেটির নাম লুসি দেওয়া হয়েছিল।—বিবিসি

ইত্তেফাক/এএম