একটা ম্যাচ নিয়েই ভাবছেন মাশরাফি

আপডেট : ০৮ ডিসেম্বর ২০১৮, ২১:৪৬

দুটি টেস্টেই বাংলাদেশ জয় পেয়েছে তিন দিনের মধ্যে। আবার ওয়ানডের একমাত্র প্রস্তুতি ম্যাচে বিসিবি একাদশই গুড়িয়ে দিয়েছে ওয়েস্ট ইন্ডিজকে। খেলাটা হচ্ছে বাংলাদেশের মাটিতে। এর সঙ্গে ওয়ানডে দলে ফিরছেন পুরোপুরি সুস্থ সাকিব আল হাসান ও তামিম ইকবাল। 

এ অবস্থায় আগে থেকে বাংলাদেশকে ফেবারিট বলে দেওয়ায় অন্যায় কিছু নয়। অনেকে আবার আজ থেকে শুরু হওয়া সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশ করা যাবে কি না, সেই হিসেব করছেন। কিন্তু বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা, এসব হিসেব একদম করতে রাজী নন। তিনি বলছেন, তারা একটা একটা করে ম্যাচ নিয়ে ভাবতে চান। 

প্রস্তুতি ম্যাচে সহজ জয় এসেছে বলে একবারে পুরো সিরিজ নিয়ে ভাবাটা উচিত হবে না বলেই জানান অধিনায়ক। তিনি বলেন, ‘একটা একটা ম্যাচ ভাবা ছাড়া সুযোগ নেই। প্রথম ম্যাচ খেলতে নামার আগে তিনটা ম্যাচ নিয়ে ভাবলে অনেক চাপ আসে। প্রস্তুতি ম্যাচের উইকেট যেমন ছিল, এখানের উইকেট নিশ্চিত ওরকম থাকার কথা না। কারণ এখানে তিনশ রানের ইনিংস আবার চেজ খুব কমই হয়।’ 

আরো পড়ুন: বিশ্ব সুন্দরীর মুকুট জেতা হলো না ঐশীর

টেস্টে ওয়েস্ট ইন্ডিজ যেমনই করুক, মাশরাফি মনে করেন, পেশীশক্তির কারণেই ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডেতে বড় দল। আর সেই কারণেই দু দল সিরিজ শুরুর আগে একই অবস্থায় আছে বলে তার বিশ্বাস, 
‘ওদের দলে কিছু দুর্দান্ত ফাস্ট বোলার আছে। যেটা হয় যে, জোরে বোলারদের অনেক সময় হুটহাট করে উইকেট পড়ে গেলে শুরুতে চাপ আসলো, তাই এই জায়গাগুলো চিন্তা করার ব্যাপার আছে। একইভাবে যেটা বললাম যে, ওদের কিছু ব্যাটসম্যান আমাদের থেকে অনেক বেশি সাহায্য পাবে, ওদের মাসল পাওয়ার যেটা আছে। যেটা এই ধরনের ফরম্যাটে খুব বেশি কাজ করে। বিশেষ করে ৪০ ওভার পর্যন্ত যে ফিল্ডিং বাধ্যবাধকতা আছে। তাই আমাদেরকে ওরা যেন জুটি বড় করতে না পারে সেদিকটাও খেয়াল রাখতে হবে।’ বললেন মাশরাফি।

ইত্তেফাক/জেডএইচ