বঙ্গবন্ধুর শততম জন্মবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধুকে নিয়ে নিজের লেখা ও সুরে গান গেয়েছেন বোরহান বিশ্বাস। ‘তুমি শোষিত মানুষের কণ্ঠস্বর’ শিরোনামে গানটির মিউজিক কম্পোজিশন করেছেন ওয়াহেদ শাহীন। এবার প্রকাশ হলো সেই গানের ভিডিও। ওয়াহেদ শাহীনের সংগীতায়োজনে গানটিতে শিল্পীর সঙ্গে আরও মডেল হয়েছেন আল আমিন খান ও রাফি। সম্প্রতি ঢাকার একটি রেকর্ডিং স্টুডিওতে গানটির চিত্রায়ণ হয়। গল্পওয়ালার নির্মাণে গানটির ভিডিও সম্পাদনার কাজ করেছেন টিডি দীপক।
এ বিষয়ে বোরহান বিশ্বাস বলেন, 'বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীকে সামনে রেখে গানটি করেছি। আমরা যারা বঙ্গবন্ধুকে দেখিনি, তার কথা শুনে বড় হয়েছি মূলত তাদের উদ্দেশ্যেই গানটি নিবেদিত। দর্শক ও শ্রোতাদের ভালো লাগলে দীর্ঘদিনের পরিশ্রম স্বার্থক হয়েছে বলে মনে করবো।'
এর আগে, ঢাকার নারিন্দার একটি স্টুডিওতে গানটির মিউজিক ট্র্যাক তৈরি হয়। এ বিষয়ে বোরহান বিশ্বাস বলেন, 'বঙ্গবন্ধুকে নিয়ে অনেক দিন আগেই গানটি লিখেছি। আমরা যারা বঙ্গবন্ধুকে দেখিনি, তার কথা শুনে বড় হয়েছি, তাকে কল্পনায় ধারণ করেছি তাদের জন্যই গানটি করা। গানের মিউজিক ট্র্যাক তৈরি হয়ে গেছে। শিগগিরই ফাইনাল টেক নেওয়া হবে'।
বোরহান বিশ্বাস এর আগে ‘মা’, ‘লোকাল ট্রেন’, ‘স্বপ্নের পৃথিবী’, ‘ভালোবাসা এমনই হয়’, ‘দেশটা মায়ের মতো’, ‘আমার বাংলাদেশ’ শিরোনামে নিজের লেখা ও সুরে গান করেছেন। তার লেখা ‘অফিস কলিগ’, ‘স্বপ্ন ঘুড়ি’, ‘যদি চলে যাবে’, ‘মন তুই’, ‘এলোরে বৈশাখ’ ও ‘সোনার বাংলাদেশ’ গান এ সময়ের বিভিন্ন জনপ্রিয় শিল্পীরা গেয়েছেন।
ইত্তেফাক/জেডএইচডি
