উইকেটের আচরণে হতাশ সাকিব

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০১৯, ০০:৫৯

সাধারণত টেস্ট ম্যাচে দিনের সেরা পারফরমার দিনশেষে সংবাদ সম্মেলনে আসেন।গতকাল সেই হিসেবে মুমিনুল হক বা তাইজুল ইসলাম আসতে পারতেন সংবাদ সম্মেলন কক্ষে। কিন্তু সবাইকে একটু অবাক করে দিয়েই উপস্থিত হলেন অধিনায়ক সাকিব আল হাসান। তিনি পরিষ্কার করে বললেন, এখনো এই ম্যাচে জয়ের আশা ছাড়েননি তারা। তবে আসল কথাটা বললেন যে, চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের উইকেটের আচরণে দারুণ হতাশ তারা। কোনো রাখঢাক না করেই বললেন, হোম টিম হিসেবে তাদের উইকেট নিয়ে যে চাওয়া ছিল, সেটা পূরণ হয়নি।

সাকিব বলছিলেন, এই উইকেটে আফগানিস্তানের ব্যাটিং দেখে তারা অবাক হননি। অবাক হয়েছেন, উইকেট শুরু থেকে ব্যাটসম্যানদের পক্ষে থাকায়। এমন উইকেটে নিজেদের ব্যাটসম্যানরা ভুল করেছেন, স্বীকার করেই সাকিব বলছিলেন, ‘যে উইকেট ছিল তাতে আফগানিস্তানের এই ব্যাটিং দেখে আমরা বিস্মিত না। বরং আমরা যে প্রথমদিন অমন ফ্ল্যাট উইকেটে পাঁচ উইকেট তুলে নিতে পেরেছিলাম, তাতেই বিস্মিত। আমরা মনে হয় অনেকদিন পরে এমন ফ্ল্যাট উইকেটে খেলেছি।’

উইকেট নিয়ে আবারও অভিযোগ করে সাকিব বললেন, তারা এই অভিযোগে আটকে থাকতে চান না। কারণ, অপছন্দের উইকেটেও ভালো করাটাই বড়ো দলের লক্ষণ, ‘আমরা এ ধরনের উইকেট আশাই করিনি। তাই আমাদের জন্য পরিস্থিতি আরো কঠিন হয়ে গেছে। এমন ফ্ল্যাট উইকেট দেখে আমরা সবাই আসলে বিস্মিত। এমন কিছু তো আমরা আশা করিনি এখানে! যা আশা করেছিলাম, তার পুরোই উলটোটা পেলাম।

তবে এর অর্থ এটা নয় যে এই টেস্টে আমরা আর ভালো কিছু করতে পারব না। আপনি যে ধরনের পরিকল্পনা নিয়ে নামেন, অনেক সময় ঐ ধরনের পরিকল্পনা সফল নাও হতে পারে। ভালো দলগুলো তখনই নিজেদের প্রমাণ করতে সমর্থ হয়, যখন বক্সের বাইরে কোনো প্রশ্নের উত্তর তাদের কাছে জানা থাকে। আমরা এখন চেষ্টা করবো এই টেস্টে তেমন কোনো উত্তরই যেন দিতে পারি। তবে অবশ্যই এমন উইকেট বা এমন পরিস্থিতি আমাদের প্রত্যাশার বাইরে ছিল।’

সাকিব মেনে নিচ্ছেন যে, হোম টিম হিসেবে উইকেটটা তাদের পছন্দে হওয়া উচিত ছিল। কিন্তু সেটা না হওয়াটাও মেনে নিতে চান তিনি। অধিনায়ক মনে করেন, কোনো না কোনো সমস্যার কারণেই উইকেট তাদের চাওয়া মতো বানানো যায়নি, ‘অবশ্যই হতাশার বিষয়। তবে এটা নিয়ে ম্যাচের এ সময় আলোচনা বা চিন্তা করে কোনো লাভ হবে না। এখন এখান থেকে আমরা কীভাবে ফিরে আসতে পারি সেটাই অনেক গুরুত্বপূর্ণ বিষয়। আমরা যেভাবে এই ম্যাচের জন্য দল সাজিয়েছি, সেটা দেখেই হয়তো সবাই জানবেন এখানে আমরা কি ধরনের উইকেট আশা করেছিলাম? তবে স্বাভাবিকভাবেই অনেক সময় অনেক কিছুর কারণে সম্ভবপর হয় না। তাই ওটা নিয়ে চিন্তায় পড়ে লাভ নেই। আপনি কোনো কিছু চাইতেই পারেন। তবে সবসময় যে পাবেন সেটাও হয় না!’

ইত্তেফাক/এসআর