রশিদকে ফেরালেন তাইজুল, সাড়ে তিনশ ছাড়াল লিড

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০১৯, ১৬:১৮

সপ্তম ব্যাটসম্যান হিসেবে সাজঘরে ফিরেছেন রশিদ খান। তাইজুলের দ্বিতীয় শিকারে পরিণত হলেন তিনি। তবে কাজের কাজ আগেই হয়ে গেছে। ইতোমধ্যেই আফগানিস্তানের লিড দাঁড়িয়েছে ৩৫৫ রানের। অষ্টম উইকেট জুটিতে আফসার জাজাইয়ের সঙ্গী কায়েস আহমাদ। 
 
দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই আফগানিস্তানের দুই উইকেটের পতন হয়। সাকিবের করা প্রথম ওভারের তৃতীয় বলে এলবিডব্লিউর শিকার হন এহসানউল্লাহ জানাত (৪)। এরপর প্রথম ইনিংসে সেঞ্চুরি হাঁকানো রহমত শাহ সাকিবের ফ্লাইটেড ডেলিভারি খানিকটা ক্রিজ থেকে বের হয়ে এসে ব্লক করতে গেলে কট এন্ড বোল্ড হন। 

তৃতীয় উইকেটে কিছুটা প্রতিরোধ গড়ে আফগানিস্তান। ১৪ ওভারের জুটিতে ২৪ রান যোগ করেন ইব্রাহিম জাদরান ও হাসমতউল্লাহ শহীদি। শেষতক এই জুটিটি ভেঙেছেন নাঈম হাসান। তার ঘূর্ণিতে ডিফেন্স করতে গিয়ে প্রথম স্লিপে সৌম্য সরকারকে ক্যাচ দিয়েছেন শহীদি (১২)।

আরও পড়ুন : কিশোর গ্যাংয়ের ব্যাপারে সজাগ থাকুন : স্বরাষ্ট্রমন্ত্রী

এর পর আফসার আজগারকে (৫০) ফেরান তাইজুল ইসলাম। লাঞ্চের পর বড় লিডের দিকে যাচ্ছিল সফরকারীরা। সেঞ্চুরির দিকে এগিয়ে যাওয়া ইব্রাহিম জাদরানকে ফেরান নাঈম হাসান। ইব্রাহিম ছয়টি চার ও চারটি ছক্কার মারে করেন ৮৭ রান। শেষ পর্যন্ত মিরাজের বলে মোহাম্মদ নবী এবং রশিদ খান আউট হন। 
 
এর আগে আফগানিস্তানের করা ৩৪২ রানের জবাবে চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে ২০৫ রানে অলআউট হয়েছে স্বাগতিক বাংলাদেশ। ফলে প্রথম ইনিংসে ১৩৭ রানে পিছিয়ে থাকে সাকিবের দল।  

ইত্তেফাক/কেআই