চরভদ্রাসনে স্কুলছাত্রীসহ ২ নারীর মরদেহ উদ্ধার

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০১৯, ১৩:১২

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় পৃথক স্থান হতে শনিবার রাতে স্কুলছাত্রীসহ দুই নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

এদের মধ্যে সদর ইউনিয়নের কামাড় ডাঙ্গী গ্রামে স্বর্ণা আক্তার(১৪) নামে সপ্তম শ্রেণির এক  স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ রয়েছে। সে  ওই গ্রামের  মৃত মোন্নাফ ব্যাপারীর ছোট মেয়ে। স্বর্ণা  চরভদ্রাসন রোকন উদ্দিন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল। এছাড়া গাজিরটেক ইউনিয়নের হাজীহঞ্জ বাজার পদ্মা নদীর উত্তর পূর্ব ডুবোচর হতে আনুমানিক ২৪/২৫ বছর বয়সী অজ্ঞাত নারীর গলিত লাশ উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন: কোটালীপাড়ায় শিক্ষক পেটানোর ঘটনায় গ্রেফতার ১

স্বর্ণার মেঝো বোন বর্ণা আক্তার(২৩) জানায়, শনিবার বিকেল ৫টার দিকে বাড়ির কাছেই পদ্মা নদীতে নৌকা বাইস দেখতে যায় পরিবারের  সদস্যরা। শরীর ভাল নেই জানিয়ে স্বর্ণা বাড়িতে থাকে।

নৌকা বাইস দেখে সন্ধ্যায় পরিবারের লোকজন বাড়িতে ফিরে দেখতে পায় স্বর্ণার ঘর ভেতর থেকে আটকানো এবং উচ্চ শব্দে টেলিভিশন চলার শব্দ পায় তারা। অনেক ডাকা ডাকির পর ঘরের দরজা না খোলায় বেড়ার ফাক দিয়ে তারা দেখতে পায় ঘরের আড়ার সাথে গলায় ওড়না পেঁচানো অবস্থায় ঝুলে আছে স্বর্ণা। তাদের চিৎকারে প্রতিবেশিরা ছুটে এসে ঘরের দরজা ভেঙে স্বর্ণাকে উদ্ধার করে চরভদ্রাসন হাসপাতালে নিয়ে আসলে ডা. আবুল কালাম আজাদ স্বর্ণাকে মৃত ঘোষণা করেন।

সরেজমিনে ঘটনাস্থলে গেলে স্বর্ণার মা মইফুল বেগম ও পরিবারের সদস্যরা জানায়,  প্রায় এক বছর ধরে স্থানীয় একটি ছেলের সাথে স্বর্ণার সম্পর্ক তৈরি হলেও বর্তমানে তা টানাপোড়েন চলছিল।

অপরদিকে গাজিরটেক ইউনিয়নের হাজীহঞ্জ বাজার পদ্মা নদীর উত্তর পূর্ব ডুবোচরে অজ্ঞাত নারীর গলিত মরদেহ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।খবর পেয়ে চরভদ্রাসন থানার এস আই মো. খাইরুল ইসলাম লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ বলেন, পুলিশ মৃতদেহ দুটি উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। রবিবার স্কুলছাত্রীর মরদেহ ময়না তদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। এছাড়া অজ্ঞাত লাশটির ডিএনএ নমুনা সংগ্রহের জন্য মর্গে পাঠানো হয়েছে।

ইত্তেফাক/এমআরএম