এশিয়ার অন্যতম ‘মোস্ট ওয়েল-ফান্ডেড’ স্টার্টআপ ‘সহজ’

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০১৯, ১৫:৪০

দেশের অনলাইন গন্তব্য মাধ্যম ‘সহজ’কে এশিয়ার অন্যতম ‘ওয়েল-ফান্ডেড স্টার্টআপ’ হিসেবে তালিকাভুক্ত করেছে ডাটাবেজ ও গবেষণা প্রতিষ্ঠান সিবি ইনসাইট। 

২০১৪ সালের জানুয়ারি থেকে যেসব প্রতিষ্ঠান কমপক্ষে ১০ লাখ মার্কিন ডলার বিনিয়োগ পেয়েছে এবং ইক্যুইটি ফান্ডিং পেয়েছে শুধু সেসব স্টার্টআপকেই এ তালিকার জন্য বিবেচনা করা হয়েছে। তালিকায় ‘সহজে’র সম্প্রতি পাওয়া বিনিয়োগের ওপর আলোকপাত করা হয়েছে। 

তালিকার পাঁচটি প্রতিষ্ঠান ১০০ কোটি মার্কিন ডলারের বেশি বিনিয়োগ পেয়েছে। একমাত্র চীনভিত্তিক প্রতিষ্ঠান অ্যানট ফাইন্যান্সিয়াল ১০০০ কোটি মার্কিন ডলারেরও বেশি ইক্যুইটি ফান্ডিং পেয়েছে। 

‘সহজ’ সিঙ্গাপুর ভিত্তিক বিনিয়োগ প্রতিষ্ঠান গোল্ডেন গেট ভেঞ্চার থেকে দেড় কোটি মার্কিন ডলার বিনিয়োগ পেয়েছে। এখন পর্যন্ত বাংলাদেশের কোনো প্রযুক্তি প্রতিষ্ঠানের পাওয়া থেকে এটাই সর্বোচ্চ পরিমাণ বিনিয়োগ। 

আরো পড়ুন: ডেঙ্গু নিয়ন্ত্রণের অভিজ্ঞতা অর্জনে সিঙ্গাপুরে সাঈদ খোকন

এ নিয়ে সহজের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক মালিহা এম কাদির বলেন, ‘সহজের সফলতার পেছন রয়েছে বৈশ্বিক বিনিয়োগ প্রতিষ্ঠান ও স্বনামধন্য বিনিয়োগকারীরা। যেখানে উদ্যোক্তারা ১৬ কোটি তরুণ, উদ্যমী ও পরিশ্রমী মানুষের দেশ বাংলাদেশের ওপর আস্থা রেখেছেন। 

তিনি আরও বলেন, ‘লজিস্টিক চ্যালেঞ্জ সমাধানের মাধ্যমে বাংলাদেশের মানুষের জীবন সহজ করার প্রত্যয়ে আমি সহজ নিয়ে যাত্রা শুরু করেছিলাম। আজ আমরা গর্ব করে বলতে পারি, অনলাইন টিকেট সেবা, রাইড সেবা এবং ফুড ডেলিভারি সেবার মাধ্যমে সহজ দেড় কোটি মানুষের কাছে পৌঁছেছে। 

অনলাইনে টিকেটিং সেবাদাতা প্রতিষ্ঠান হিসেবে যাত্রা শুরু করে সহজ। এরপর স্টার্টআপটি রাইড-শেয়ারিং ও ফুড ডেলিভারি সেবায়ও নিজেদের কার্যক্রম বিস্তৃত করে ব্যাপক সফলতা অর্জন করে।

ইত্তেফাক/জেডএইচ