ব্রিজের উপর বজ্রপাতে প্রাণ গেল যুবকের

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০১৯, ১৩:৩৩

মাদারীপুরের শিবচরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার রাত ২টার দিকে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে শিবচর থানার তদন্ত ওসি আনোয়ার হোসেন নিশ্চিত করেছেন। 

নিহতের নাম মজিদ মিয়া (২৪)। তিনি কুড়িগ্রাম জেলার মাহদীপুর গ্রামের মো. দিলদারের ছেলে। প্রায় ১৫ দিন আগে শিবচরে এসে কাঠ মিস্ত্রীর কাজ করছিলেন।

জানা যায়, মাদারীপুরের শিবচর পৌর এলাকার যাদুয়ারচর রোডে ইরাক শিকদারের ফার্নিচারের দোকানে কাজ করেন মজিদ। কাজ শেষে দুপুরে দোকান মালিকের বাড়ি যাদুয়ারচর গ্রামে খাবার খেতে যান তিনি। খাবার খেয়ে বিকালে মজিদ মিয়া ও মামুন নামের আরেক মিস্ত্রী পায়ে হেঁটে দোকানে আসছিলেন। এ সময় বৃষ্টি হচ্ছিল। মজিদ ও মামুন যাদুয়ারচর ব্রিজের উপর উঠলে বজ্রপাত হয়। এতে মজিদ মিয়া ব্রিজে লুটিয়ে পড়েন। আর মামুন দৌড়ে দুরে সরে যান।

মামুন খবর দিলে ফার্নিচার মালিকের বাড়ির লোকজন ও স্থানীয়রা মজিদকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

ইত্তেফাক/জেডএইচ