ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কুষ্টিয়ার ভেড়ামারাতে মঙ্গলবার সকালে গৃহবধূ মারা গেছেন। এদিকে, ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভোররাতে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর-
ফরিদপুর: ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে মঙ্গলবার ভোররাতে ডেঙ্গু আক্রান্ত এক রোগী মারা গেছেন। তার নাম সিদ্দিক (৫৫)। তিনি মাদারীপুরের রাজৈর উপজেলার কবিরাজপুর গ্রামের বাসিন্দা।
জানা যায়, সিদ্দিক জ্বর নিয়ে সোমবার বেলা ১১টার দিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসাপাতালে ভর্তি হন। দিবগত রাত ১টার দিকে তার অবস্থার অবনতি হয়। মঙ্গলবার ভোররাতের দিকে তিনি মারা যান। হাসপাতালের পরিচালক ডা. কামদাপ্রসাদ সাহা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
ডেঙ্গু কন্ট্রোল রুম সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় ২৫জন রোগী ভর্তি হয়েছে। এনিয়ে হাসপাতালে ১৫৫জন রোগী ভর্তি আছে।
ভেড়ামারা (কুষ্টিয়া) সংবাদদাতা: ভেড়ামারায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মীনা খাতুন (২২) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি উপজেলার ধরমপুর ইউনিয়নের কাজিহাটা গ্রামের আবু রায়হানের স্ত্রী।
আরও পড়ুন: তালেবানের সঙ্গে শান্তি চুক্তির ‘মৃত্যু’ ঘটেছে: ট্রাম্প
মীনার স্বামী আবু রায়হান জানান, মীনা গত শুক্রবার জ্বরে আক্রান্ত হলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরীক্ষা-নিরীক্ষা করে ডাক্তাররা বলেন ডেঙ্গু জ্বর হয়েছে। মঙ্গলবার সকালে মীনা মারা যায়।
ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নুরুল আমীন বিষয়টি নিশ্চিত করে জানান, উপজেলায় এই প্রথম ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেল।
ইত্তেফাক/আরকেজি
