হাজীগঞ্জে ৩ দিন পর নিখোঁজ ব্যবসায়ীর লাশ উদ্ধার

আপডেট : ০৯ ডিসেম্বর ২০১৮, ১৫:২০
চাঁদপুরের হাজীগঞ্জের রেললাইনের পাশ থেকে নিখোঁজ ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার করেছে জিআরপি পুলিশ। রবিবার সকালে চাঁদপুর জিআরপি পুলিশের এএসআই রাশেদ এ মৃতদেহ উদ্ধার করে। নিখোঁজ ব্যবসায়ী হলেন হাজীগঞ্জ বাজারের চাউল ব্যবসায়ী আলহাজ আবদুল মতিনের ছোট ছেলে এরশাদ উল্যাহ কাঞ্চন (৩৮)।
 
নিখোঁজ ব্যবসায়ী এরশাদ উল্যাহর বড় ভাই আতিক উল্যাহ ডিলার বলেন, শুক্রবার সকাল ৯টার দিকে ব্যবসায়ীক তাগাদার জন্য (বাকি টাকা তোলার) কাঞ্চন দোকান থেকে বের হয়ে যায়। এরপর আর তার খোঁজ মেলেনি। সম্ভাব্য বিভিন্ন স্থানে সন্ধান করেও তার কোনো খবর পাওয়া যায়নি।
 
রবিবার সকালে লোকজন প্রাতঃভ্রমণে বের হলে চাঁদপুর-লাকসাম রেল লাইনের হাজীগঞ্জ স্টেশনের পশ্চিম পাশে ব্রিজের পূর্ব পাশে একটি মৃত দেহ দেখে স্থানীয়রা কাঞ্চন বলে সনাক্ত করে আমাদের ফোন করেন। 
 
তিনি আরো জানান, আমার ভাইয়ের সঙ্গে কারো শত্রুতা নেই। ঠিক কী কারণে তাকে হত্যা করে লাশ এখানে ফেলে দেয়া হয়েছে তাও বুঝতে পারছি না। তিনি জানান, এরশাদ উল্যাহ কাঞ্চনের তিনজন পুত্র সন্তান রয়েছে।
 
 
চাঁদপুর জিআরপি থানার অফিসার ইনচার্জ সরোয়ার আলম জানান, হাজীগঞ্জ রেল লাইনের পশ্চিম পাশে একটি মৃতদেহ পড়ে রয়েছে খবর শুনে সেখানে এএসআই রাশেদকে পাঠানো হয়েছে। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতালে পাঠানো হবে।
 
ইত্তেফাক/কেকে