মুন্সীগঞ্জের গজারিয়ায় একটি কাভার্ডভ্যানকে আরেকটি বাস ধাক্কা দিলে ওই বাসের দুই যাত্রী নিহত হয়েছেন। এতে শিশুসহ আরও ১৭ যাত্রী আহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে উপজেলার বাউশিয়া মধ্যমকান্দি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও আহতরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা কুমিল্লাগামী আনন্দ পরিবহন নামে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে চট্টগ্রামমুখী আরেকটি কাভার্ডভ্যানকে পেছন থেকে ধাক্কা দিলে বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই বাসের দুই যাত্রী মারা যান। আহত হন বাসে থাকা অন্তত শিশুসহ ১৭ যাত্রী। আহতরা হলেন- ইকবাল বাশার (১৮), শাকিল মিয়া (১৯), পলাশ মিয়া (২১), রাসেল, লুবনা আক্তার (২৫), সুজন, ফারজানা আক্তার (৮) সহ প্রমুখ। আহতের উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায় হাইওয়ে পুলিশ। আহতের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় পাঠানো হয়েছে।
আরও পড়ুন- রাজৈরে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডাক্তার আশরাফুল ইসলাম জানান, দুর্ঘটনায় আহত ১৫ জনকে ভর্তি করা হয়েছে। এরমধ্যে গুরুতর আহত ১০ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ কবির হোসেন জানান, নিহতদের পরিচয় এখনও পাওয়া যায়নি। গাড়ি দুটি আটক করা হয়েছে। মামলার প্রক্রিয়া চলছে।
ইত্তেফাক/এসএস
