‘নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে মুক্তিযোদ্ধাদের ভূমিকা রাখতে হবে’

আপডেট : ০৯ ডিসেম্বর ২০১৮, ১৭:১৫

শিল্পমন্ত্রী আমির হোসেন আমু দেশে গণতান্ত্রিক ধারা অব্যহত রাখতে আসন্ন জাতীয় নির্বাচনে মুক্তিযোদ্ধাদের বিশেষ ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন।

শনিবার রাতে ঝালকাঠিতে ‘পাকহানাদারমুক্ত দিবস’ উপলক্ষে মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানদের উদ্যোগে আয়োজিত এক সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ আহ্বান জানান তিনি। জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ সভা অনুষ্ঠত হয়।

আমির হোসেন আমু বলেন, ‌‘বর্তমান প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে স্বাধীনতার সঠিক ইতিহাস জানতে আওয়ামী লীগের পতাকাতলে ঐক্যবদ্ধ হতে হবে।’

আরো পড়ুনঃ নির্বাচনে অংশ নেওয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে খালেদার রিট

শিল্পমন্ত্রী বলেন, ‘স্বাধীনতার পরাজিত শক্তি পচাত্তরের ১৫ আগস্টে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করে দেশের চাকা পেছনের দিকে ঘুরিয়ে দিতে চেয়েছিল। এই অপশক্তি এখনো তৎপর হয়ে নানামুখী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তারা নির্বাচন বানচাল করতে চাচ্ছে। এ ব্যাপারে মুক্তিযোদ্ধাসহ সচেতন মহলকে সজাগ থাকতে হবে।’

মুক্তিযোদ্ধা মোবারক হোসেন মল্লিকের সভাপতিত্বে এ সভায় অন্যান্যের মধ্যে জেলা পরিষদের চেয়ারম্যান সরদার মো. শাহ আলম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, পৌর মেয়র মোহাম্মদ লিয়াকত আলী তালুকদার ও জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার দুলাল সাহা বক্তব্য রাখেন। বাসস

ইত্তেফাক/কেকে