একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৪ কাপাসিয়া আসনের আওয়ামী লীগের প্রার্থী ও বড় বোন সিমিন হোসেন রিমির পক্ষে নির্বাচনের মাঠে নেমেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমদ সোহেল তাজ।
রবিবার উপজেলার পৃথক তিনটি উঠান বৈঠকে তিনি স্থানীয় দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য দেন। এসময় তিনি নৌকা মার্কায় ভোট দিয়ে সিমিন হোসেন রিমিকে নির্বাচিত করে মানবিক কাপাসিয়া গড়ে তোলার আহ্বান জানান।
সোহেল তাজ বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে বঙ্গতাজের আদর্শকে বুকে ধারণ করে সকল ভেদাভেদ ভুলে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। জননেত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা প্রতীকের বিজয়ের লক্ষ্যে সকলের ঐক্যের উপর জোর দেন তিনি।
দুপুরে উপজেলা সদরে প্রয়াত খালেদ খুররমের বাড়ির আঙ্গিনায় স্থানীয় শ্রমিকলীগের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক মো. আব্দুল কবির মাস্টারের সভাপতিত্বে বক্তব্য দেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সিমিন হোসেন রিমি।
বোনের পাশে সোহেল তাজ। ছবি: কাপাসিয়া সংবাদদাতা
অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন- রিমির বড়বোন শারমিন আহমদ রিপি, ছোট বোন মেহজাবিন আহমদ মিমি, সোহেল তাজের ছেলে ব্যারিস্টার তুরাজ তাজ, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মুহম্মদ শহীদুল্লাহ, সাবেক সভাপতি আজগর রশিদ খান প্রমুখ।
সোহেল তাজ বলেন, এখন সর্বাত্মক উন্নয়নসহ সবকিছুই হচ্ছে। কারণ বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় আছে। এই দলটি মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ এনেছে আর এখন সোনার বাংলা গড়ার কাজ করছে। সোনার বাংলা গড়ার কাজে আমাদের পরিবারটির সবসময়ই অনবদ্য ভূমিকা পালন করে যাচ্ছে। আমার বোন রিমি প্রার্থী হয়েছে, রিমি, আমি, আমরা মিলেমিশে এই কাপাসিয়াকে একটি আধুনিক কাপাসিয়া গড়বো।
নৌকার প্রার্থী ও বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের কন্যা সিমিন হোসেন রিমি বলেছেন, কাপাসিয়াকে গত দশ বছরে অনেক দূর এগিয়ে নিয়ে গেছি, এখন তার পাশাপাশি একটি মানবিক কাপাসিয়া গড়ে তুলতে চাইছি।
ইত্তেফাক/জেডএইচ

