ইসির সত্যায়িত কপি না পেয়ে প্রার্থীদের হট্টগোল

আপডেট : ০৯ ডিসেম্বর ২০১৮, ২১:৪০

নির্বাচন কমিশনে আপিল নিষ্পত্তির সত্যায়িত কপি না পেয়ে নির্বাচন ভবনে হট্টগোল করেছেন অর্ধশতাধিক প্রার্থী ও তাদের সমর্থকেরা। নির্বাচন কমিশনে যাদের আপিল নামঞ্জুর হয়েছে, হাইকোর্টে যেতে চাইলে তাদের ইসির সিদ্ধান্তের সার্টিফায়েড কপি জমা দিতে হবে। কিন্তু রবিবার বিকাল পর্যন্ত সেই কপি না পাওয়ায় বিপাকে পড়েছেন অনেকে। তবে তদবির করে অনেকেই সহজে সার্টিফাইড কপি সংগ্রহ করতে পেরেছেন। 

দেখা গেছে, মনোনয়ন ফিরে না পাওয়া এই প্রার্থীরা দুপুরে নির্বাচন কমিশনে জড়ো হয়ে দ্রুত কপি দেওয়ার জন্য ইসি কর্মকর্তাদের অনুরোধ করতে থাকেন। কিন্তু কমিশন তা দিতে না পারায় শুরু হয় বাগবিতণ্ডা। গত ২ ডিসেম্বর রিটার্নিং কর্মকর্তাদের বাছাইয়ে ৭৮৬টি মনোনয়নপত্র বাতিল হয়। ওই সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে জমা পড়া ৫৪৩টি আপিল আবেদনের ওপর বৃহস্পতি, শুক্র ও শনিবার শুনানি হয়। তিন দিনের শুনানিতে ২৪৩ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে নির্বাচন কমিশন। যারা তা পাননি, তারা ভোটে থাকার চেষ্টায় উচ্চ আদালতে ধরণা দিচ্ছেন।

নারায়ণগঞ্জ-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে আগ্রহী মো. মোশারফ হোসেনের আপিল আবেদন ইসি বাতিল করে দিয়েছে শুক্রবার। সেই সিদ্ধান্তের সার্টিফায়েড কপির জন্য শনিবার রাত ২টা পর্যন্ত নির্বাচন ভবনে অপেক্ষা করেন মোশারফের চাচাতো ভাই রফিকুল হায়দার। রবিবার দুপুর পর্যন্ত সেই কপি না পাওয়ায় তিনি ক্ষুব্ধ হয়ে ওঠেন।

সিলেট-৪ আসনে জাতীয় পার্টির প্রার্থী ইসমাইল আলী আসিফের আপিল নামঞ্জুর হয় শনিবার। রবিবার সকালে সার্টিফায়েড কপির জন্য আবেদন করেও বেলা আড়াইটা পর্যন্ত তা হাতে পাননি তিনি। আপিল করে প্রার্থিতা ফিরে পাওয়া মুন্সিগঞ্জ-১ আসনে বিএনপির প্রার্থী শেখ মো. আবদুল্লাহও সার্টিফায়েড কপির জন্য নির্বাচন কমিশনে লোক পাঠিয়েছেন। কিন্তু তিনিও তা পাননি। 

আরও পড়ুন: ভিকারুননিসার শিক্ষক হাসনা হেনার জামিন

শনিবার যাদের আপিল নাকচ হয়েছে, তাদের মধ্যে মাত্র হাতেগুনা কয়েকজনকে রবিবার দুপুর পর্যন্ত সত্যায়িত কপি দিতে পেরেছেন তারা। তবে যাদের আপিল মঞ্জুর হয়েছে, তাদের তালিকা সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে।

নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, রবিবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। ফলে আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠেয় একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কারা প্রতিন্দ্বন্দ্বিতা করবেন তা রবিবারই চূড়ান্ত হয়ে গেছে। সোমবার বৈধ চূড়ান্ত প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হবে। 

ইত্তেফাক/এমআই