কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বাসচাপায় মোটরসাইকেলের আরোহী এক স্কুলছাত্র নিহত ও আরেকজন আহত হয়েছে। রবিবার সকাল প্রায় ৮টার দিকে কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কের উপজেলার পুলেরঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত স্কুলছাত্র হৃদয় হোসেন (১৮) সদর উপজেলার নয়াহাটি গ্রামের আবু তাহেরের ছেলে। আহত নোমানকে কিশোরগঞ্জ সদর হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। তারা চৌদ্দশত হাইস্কুলের দশম শ্রেণির ছাত্র ছিল।
আরও পড়ুন: ভুয়া চিকিৎসকের হাতে স্তন কাটা শেফালি এখন হাসপাতালে
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, হৃদয় তার বন্ধু নোমানকে নিয়ে মোটর সাইকেলযোগে আত্মীয় বাড়ির উদ্দেশে রওনা দেয়। পথে পুলেরঘাট সুগার মিলের উত্তর পাশের পেট্রোল পাম্প থেকে তেল নিয়ে আসার পথে ঢাকা গামী অনন্যা সুপার বাসটি মোটর সাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই হৃদয় মারা যায় এবং নোমান গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে কিশোরগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে ঢাকায় রেফার করেন।
এ ব্যাপারে আহুতিয়া পুলিশ ফাড়ি ইনচার্জ মো, শফিকুল ইসলাম বলেন, ঢাকাগামী অনন্যা সুপার (ঢাকা মেট্রো হ ১৪৯১৮৮) বাস মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনা স্থলে হৃদয় নিহত হয় ও এবং নোমান গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে কিশোরগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হলে সেখানে নোমানের অবস্থার অবনতি ঘটে। পরে তাকে ঢাকা মেডিকেলে রেফার করা হয়। ঘাতক বাস ও মোটরসাইকেল আটক করে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে।
ইত্তেফাক/এমআরএম

