সাইফুদ্দিন ও সাকিব আল হাসানের পরপর আঘাতে শুরুতেই বিপর্যস্ত হয়ে পড়েছিল আফগানিস্তান। মাত্র ৬ ওভারের মধ্যে ৪০ রানে চার উইকেট হারায় তারা। সেখান থেকে এখন ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন আসগর আফগান ও মোহাম্মদ নবী। পঞ্চম উইকেটে এই দুজন ইতোমধ্যে অর্ধশত রান সংগ্রহ করেছেন। ১৪ ওভারের খেলা শেষে তাদের সংগ্রহ চার উইকেটে ৯৩ রান।
শনিবার সন্ধ্যায় টস জিতে শুরুতে ব্যাটিংয়ে নামে আফগানিস্তান। ইনিংসের প্রথম বলেই দুর্দান্ত ডেলিভারিতে রহমতউল্লাহ গুরবাজকে সরাসরি বোল্ড করে সাজঘরে পাঠান সাইফুদ্দিন। পরের ওভারেই হজরতউল্লাহ জাজাইকে লিটন দাসের ক্যাচে পরিণত করেন সাকিব। ব্যক্তিগত দ্বিতীয় ওভারের শেষ বলে নাজিব তারাকাইকে নিজের দ্বিতীয় শিকারে পরিণত করেন সাইফুদ্দিন। ইনিংসের ষষ্ঠ ওভারে সাকিবের দ্বিতীয় শিকারে পরিণত হন নাজিবুল্লাহ জাদরান।
চলমান ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে নিজেদের দ্বিতীয় ম্যাচে খেলছে উভয় দল। রবিবার সন্ধ্যা সাড়ে ৬টায় মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়েছে। দু’দলই তাদের প্রথম ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে জয় পেয়েছে। তাই এই ম্যাচে যারা জিতবে তারা ফাইনালে যাওয়ার পথে অনেকটাই এগিয়ে যাবে। সেই মিশনে দু’দলই প্রথম ম্যাচের অপরিবর্তিত একাদশ নিয়ে নেমেছে।
বাংলাদেশের জন্য এটি ঘুরে দাঁড়ানোর মিশন। কারণ চলতি সফরে বাংলাদেশের বিপক্ষে একটি টেস্ট ম্যাচ খেলে আফগানিস্তান। টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর প্রথম সাক্ষাতেই বাংলাদেশকে হারিয়ে দেয় তারা। তাই আজকের ম্যাচ জিতে টেস্টে হারের ক্ষত কিছুটা হলেও মুছতে চাইবে সাকিব বাহিনী।
ইত্তেফাক/কেআই
