টি-টোয়েন্টি দলে চমক শান্ত-নাঈম-বিপ্লব

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০১৯, ০৬:০৪

ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে জয়ে কিছুটা স্বস্তি ফিরেছিল বাংলাদেশ দলে। গত রবিবার আফগানিস্তানের কাছে আবারও নাকাল হওয়ার পর রীতিমতো টালমাটাল বাংলাদেশ শিবির। দলে এসেছে বেশ কিছু পরিবর্তন। চট্টগ্রাম পর্বের দুই ম্যাচের জন্য গতকাল ঘোষিত বাংলাদেশ দলটা ১৫ সদস্যের।

দলে বড়ো চমক তিন তরুণ ক্রিকেটারের অন্তর্ভুক্তি। প্রথমবার টি-টোয়েন্টি দলে ডাক পেয়েছেন নাজমুল হোসেন শান্ত, নাঈম শেখ ও আমিনুল ইসলাম বিপ্লব। মজার বিষয়, এদের কারোই আহামরি পারফরম্যান্স নেই সাম্প্রতিক সময়ে। কদিন আগেই তারা এইচপির হয়ে শ্রীলঙ্কার বিপক্ষে চারদিনের ম্যাচ খেলেছেন।

লিটন দাস, সৌম্য সরকারদের ব্যর্থতার জের হিসেবে ডাক পেয়েছেন ওপেনার শান্ত, নাঈম। বিপ্লব মূলত ব্যাটসম্যান হলেও সম্প্রতি তার ভূমিকা বদলে গেছে। তার লেগ স্পিন মনে ধরেছে এইচপি কোচ সিমন হেলমুটের। তার কাছ থেকে শুনে জাতীয় দলের হেড কোচ রাসেল ডমিঙ্গোও বিপ্লবের প্রতি আগ্রহ দেখিয়েছেন। কোচের আগ্রহে দলে সুযোগ পেলেন তিন তরুণ।

গতকাল ঘোষিত দল থেকে বাদ পড়েছেন সৌম্য। রান খরার কারণে তার বাদ পড়াটা অনুমিতই ছিল। এছাড়া ম্যাচ না খেলেই বাদ পড়েছেন মেহেদী হাসান, ইয়াসিন আরাফাত মিশু ও আবু হায়দার রনি (শুধু দ্বিতীয় ম্যাচের জন্য ডাকা হয়েছিল)।

এদিকে এই চার ক্রিকেটার বাদ পড়লেও দলে ফেরানো হয়েছে রুবেল হোসেন ও শফিউল ইসলামকে। রুবেল সর্বশেষ টি-টোয়েন্টি খেলেছেন গত ওয়েস্ট ইন্ডিজ সফরে। শফিউল আরো আগে। ২০১৭ সালের দক্ষিণ আফ্রিকা সফরেই শেষবার ক্রিকেটের ক্ষুদে সংস্করণে খেলেছিলেন তিনি।

বিশ্বকাপ থেকেই বড়ো রান পাচ্ছিলেন না। সম্প্রতি ফর্মটাও ভালো যাচ্ছে না। ত্রিদেশীয় সিরিজের দুই ম্যাচে ৪ ও ০ রান করেছেন। টি-২০ তে সৌম্যর রেকর্ডও সমৃদ্ধ নয়। ৪৩ ম্যাচে হাফ সেঞ্চুরি একটি, ব্যাটিং গড় ১৬.৭৯।

শান্তর ডাক পাওয়াটা বিস্ময়কর। সম্প্রতি খেলেছেন চারদিনের ম্যাচ। দুই টেস্ট, তিন ওয়ানডে খেললেও আন্তর্জাতিক ক্রিকেটের তপ্ত জমিনে সংগ্রাম করেছেন তিনি। বিপিএল, ঘরোয়া টি-টোয়েন্টিতে রুগ্ন হাল তার ব্যাটের।

আফগানিস্তান ‘এ’ দলের বিরুদ্ধে ২২ রান ও ২ উইকেট নিয়েছিলেন বিপ্লব। শ্রীলঙ্কা এইচপি দলের বিরুদ্ধে হোম সিরিজে লেগ স্পিনার হিসেবে ডাক পান তিনি। তিন ওয়ানডেতে নিয়েছেন তিন উইকেট। নাঈম বেশ কিছুদিন ধরেই নির্বাচকদের নজরে আছেন। শেষ ঢাকা প্রিমিয়ার লিগটা ভালো কেটেছে তার। ৮০৭ রান করেছিলেন। শ্রীলঙ্কার এইচপি দলের সঙ্গে অবশ্য বড়ো রান পাননি। তার আগে আফগানিস্তান ‘এ’ দলের বিপক্ষে শেষ ওয়ানডেতে ১২৬ রান করেছিলেন। জিম্বাবুয়ের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে করেছিলেন ২৩ রান। সৌম্যর জায়গায় ডাকা হয়েছে নাঈমকে।

এইচপি কোচের সুপারিশ ও হেড কোচ ডমিঙ্গো দেখতে চেয়েছেন বলেই সুযোগ পেলেন তিন তরুণ ক্রিকেটার। গতকাল জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘একাদশ যদিও টিম ম্যানেজমেন্ট করবে, তবে আমার মনে হয় না ওরা খেলার সুযোগ পাবে। ২টা ম্যাচ মাত্র, ১৫ জনের স্কোয়াড। কয়জন খেলবে তবে! কোচ ওদেরকে প্র্যাকটিসে দেখতে পারবেন কাছ থেকে।’

তৃতীয় ও চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচের বাংলাদেশ দল:

সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন সৈকত, লিটন দাস, আফিফ হোসেন, তাইজুল ইসলাম, রুবেল হোসেন, শফিউল ইসলাম, মুস্তাফিজুর রহমান, সাইফউদ্দিন, নাঈম শেখ, আমিনুল বিপ্লব ও নাজমুল হোসেন শান্ত।