বিএনপি এখন নালিশী পার্টি: হানিফ

আপডেট : ১০ ডিসেম্বর ২০১৮, ১৭:৫১

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, বিএনপির কাজ হচ্ছে অভিযোগ করা। বিএনপি এখন নালিশী পার্টি হিসেবে রূপান্তরিত হয়েছে। কোন কারণ ছাড়া অপ্রয়োজনে অপ্রাসঙ্গিক নালিশ করতে থাকে।

সোমবার দুপুরে কুষ্টিয়া শহরের নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মাহবুব উল আলম হানিফ বলেন, নির্বাচন কমিশনের আচরণবিধি মেনেই আওয়ামী লীগ প্রচার প্রচারণা শুরু করেছে। এর আগে আওয়ামী লীগ নির্বাচনী প্রচার প্রচারনায় অংশ নেয়নি। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল তাই সবসময় আইন মেনে চলি।

বিএনপি নেতা-কর্মীদের গ্রেফতারের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, বিএনপিতে যে সমস্ত সন্ত্রাসী আছে তাদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা গ্রহণ করবে এটাই স্বাভাবিক। কারণ দেশে সন্ত্রাসী দমন করে শান্তি রক্ষা করাই আইনশৃঙ্খলা বাহিনীর মূল কাজ। বিএনপি যদি মনে করে নির্বাচনকে সামনে রেখে তারা সন্ত্রাসীদের পুনর্বাসন করবে সেই সুযোগ হবে না।

আরও পড়ুন: ব্রিটেন চাইলে ব্রেক্সিট বাতিল করতে পারে: ইইউ আদালত

সভায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী, জেলা যুবলীগের সভাপতি রবিউল ইসলাম, শহর যুবলীগের যুগ্ম আহবায়ক মো. আলী নিশানসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ইত্তেফাক/এমআই