মাদক মামলায় নারীসহ ২ জনের ১০ বছর কারাদণ্ড

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০১৯, ২১:১৯

গাইবান্ধার সাদুল্লাপুরে মাদক মামলায় লিলি বেগম ও তার সহযোগী রিজু মণ্ডল নামে দুই মাদক ব্যবসায়ীর প্রত্যেককে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও ছয়মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার দুপুরে গাইবান্ধা জেলা দায়রা জজ আদালতের বিচারক দিলীপ কুমার ভৌমিক এ রায় দেন। 

দণ্ডপ্রাপ্ত লিলি বেগম ওরফে নাইকা (৪২) সাদুল্লাপুর উপজেলার খোর্দ্দকোমরপুর ইউনিয়নের বড় গোপালপুর গ্রামের মৃত সজল কসাইয়ের স্ত্রী।

আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট শফিকুল ইসলাম শফিক এ তথ্য নিশ্চিত করে জানান, রায় প্রদান কালে লিলি বেগম উপস্থিত ছিলেন। তবে দণ্ডপ্রাপ্ত অপর আসামি রিজু মণ্ডল জামিনের পর থেকে পলাতক রয়েছেন। 

আরও পড়ুন: খুলনায় যুবককে কুপিয়ে হত্যা

তিনি আরও জানান, ২০১৭ সালের ১৩ অক্টোবর বড় গোপালপুর গ্রামে পুলিশ অভিযান চালিয়ে লিলি বেগমের বাড়ি থেকে ১৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করে। এ সময় লিলি বেগম পালিয়ে গেলেও আটক হন রিজু। পরে এ ঘটনায় লিলি ও আটক রিজুর বিরুদ্ধে সাদুল্লাপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়। সম্প্রতি মামলার তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোগপত্র জমা দেয়। এরপর মামলার বিচারকার্য শুরু ও অভিযোগ গঠন করা হয়। মামলার সাক্ষী-প্রমাণ শেষে বিচারক এই রায় প্রদান করেন।

ইত্তেফাক/অনি